রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনার প্রায় এক মাস হতে চললেও যান চলাচলের উপযোগী হয়নি রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক। এই সড়কে এখনো পাহাড়ধসের মাটি সরানোর কাজ পুরোপুরি শেষ হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, ভারী বৃষ্টিপাত, অর্থ বরাদ্দের জটিলতার কারণে সড়ক সংস্কারকাজে ধীরগতি হচ্ছে বলে সওজ কর্মকর্তারা জানান।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ১৩ জুন ভারী বৃষ্টিতে পাহাড়ধসে রাঙামাটিতে ১২০ জন মানুষের প্রাণহানি ঘটে। চারটি প্রধান সড়কসহ বহু সড়ক বিধ্বস্ত হয়। রাঙামাটির সঙ্গে কাপ্তাই উপজেলা ও চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। সংস্কারের পর গত ২২ জুন চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ছোট যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর দুই দিন পর ২৪ জুন পর রাঙামটি-কাপ্তাই ও রাঙামাটি-ঘাগড়া সড়কও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে এখনো সচল হয়নি রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক। পাহাড়ধসে সড়কটির ১৬ কিলোমিটার ও ১৮ কিলোমিটার অংশ ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এ ছাড়া সড়কের দুই কিলোমিটার জুড়ে দুই থেকে ১৩ ফুট উঁচু পাহাড়ধসের মাটি পড়ে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল রোববার সকাল নয়টায় সরেজমিনে দেখা যায়, রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের ১৬ কিলোমিটার অংশে ধসে যাওয়া সড়কটি ভরাট করে কোনো রকমে হালকা যান চলাচলের উপযোগী করা হয়েছে। তিনটি খননযন্ত্র দিয়ে ধসে পড়া মাটি সরানো হচ্ছে। এখনো ১৮ কিলোমিটার অংশে ধসে পড়া সড়ক মেরামত করা হয়নি।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবু মুছা প্রথম আলোকে বলেন, সড়ক ও জনপথ বিভাগ সর্বোচ্চ জনবল নিয়ে কাজ করছে। একসঙ্গে আরও তিনটি সড়কে কাজ করতে হচ্ছে। এ ছাড়া বৃষ্টি হলে কাজ বন্ধ রাখতে হয়।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের পর্যন্ত যন্ত্রপাতি নেই। অর্থ বরাদ্দও নেই। জরুরি অর্থ বরাদ্দের জন্য ইতিমধ্যে প্রতিবেদন পাঠানো হয়েছে। ভাড়া করা খননযন্ত্র দিয়ে কাজ করতে হচ্ছে। তবে এরপরও সড়কের ১৬ কিলোমিটার অংশ যান চলাচলের উপযোগী করা হয়েছে। ধসে পড়া মাটিও সরানো শেষের দিকে। এখন শুধু ১৮ কিলোমিটার অংশটির সংস্কার বাকি আছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হালকা যান চলাচলের উপযোগী করা যেতে পারে।’