পাহাড়ধসের পর সরকারের দুর্বলতা লক্ষ করছি: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পাহাড়ধসের ঘটনা মোকাবিলায় সরকারের কাঙ্ক্ষিত সক্ষমতা দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের ঘটনার ওয়ার্নিং ছিল। অতিবৃষ্টি হলে পাহাড়ধস হয়। তারপরও আমরা দেখেছি, দুই শর কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন।’
গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠনের আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, ‘পাহাড়ধসের পর সাহায্য-সহযোগিতায় সরকারের পক্ষ থেকে যে সক্ষমতা থাকার কথা ছিল, সেখানেও আমরা দুর্বলতা লক্ষ করছি। সবকিছুর শেষ কথা হচ্ছে জবাবদিহি যেখানে থাকবে না, সেখানে একটার পর একটা বিপর্যয় ঘটবে এবং দেশের জনগণ তার শিকার হবে।’
প্রধানমন্ত্রী আনন্দ ভ্রমণে
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিধ্বস্ত, মহাবিপর্যয়ে রয়েছে। সেখানে চার সেনা কর্মকর্তাসহ ১৫৩ জনের লাশ পাওয়া গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই। আর প্রধানমন্ত্রী লালগালিচা সংবর্ধনা নিচ্ছেন সুইডেনে।’