পাহাড়ধসের পূর্বাভাস কানে তুলছেন না বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু এত আশঙ্কা সত্ত্বেও পাহাড়ের ঝুঁকিপূর্ণ আবাস ছেড়ে নিরাপদে যাচ্ছেন না লোকজন।চট্টগ্রামের বিভিন্ন পাহাড় ঘুরে এ চিত্র দেখা গেছে। চট্টগ্রামে ১৩টি পাহাড়ে প্রায় ৮০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে বলে পাহাড় ব্যবস্থাপনা কমিটি চিহ্নিত করেছে। এসব পাহাড়ের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং ও বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তাঁরা যাচ্ছেন না। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত তিন দিনে চট্টগ্রামে প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় গত রোববার চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান সবচেয়ে ঝুঁকিপূর্ণ মতিঝরনা পাহাড়ি এলাকা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণভাবে বাস করা লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেন। গতকাল সোমবার ও আগের দিন রোববার মতিঝরনা ও বাটালি পাহাড়সহ বিভিন্ন স্থানে মাইকিং করে তাঁদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।কিন্তু গতকাল সরেজমিনে একই এলাকায় গিয়ে দেখা যায়, লোকজন পাহাড় থেকে নামেননি। কাশেমের কলোনি, হোসেন কলোনি ও শাহজাহান কলোনি ঘুরে দেখা গেছে, লোকজন সরেননি। অথচ এসব কলোনির পেছনে খাড়া পাহাড়। অথচ বাসিন্দারা সাহসের সঙ্গে বলছেন, তাঁদের কিছু হবে না।অথচ ২০০৮ সালে হোসেন কলোনিতে পাহাড়ধসে ১১ জন নিহত হন। এ কলোনির মালিক আবদুল্লাহ হাসান। এর পরও গত রোববার লালখান বাজারের ওয়ার্ড কাউন্সিলর এফ কবির মানিক লালখান ও বাজার মতিঝরনা এলাকায় কোনো ঝুঁকিপূর্ণ বসতি নেই বলে দাবি করেছেন।মতিঝরনার মতো পাহাড়তলীর আকবর শাহ মাজার ও বিশ্বকলোনির পাহাড় থেকেও লোকজন সরেননি। গত বছর আকবর শাহ এলাকাসহ বিভিন্ন স্থানে পাহাড়ধসে ২৮ জন মারা যান। লোকজনের নিরাপদ আশ্রয়ে না যাওয়ার বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমি উদ্বিগ্ন। আল্লাহ না করুক, ধস যেকোনো মুহূর্তে হয়ে যেতে পারে। কিন্তু লোকজনগুলো সরছে না। আমি সিটি করপোরেশনের মাধ্যমে তাদের কাউন্সিলরদের এ কাজে যুক্ত করার জন্য চিঠি দিচ্ছি। এ ছাড়া পুলিশের সহযোগিতা নেব।’ তবে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার বলেন, ‘মাইকিং করেছি। কিন্তু কেউ নিরাপদে যায়নি। তাঁরা মনে করেন, ঘর ছেড়ে গেলে সেটি অন্য কেউ এসে দখল করে ফেলবে। তাই তাঁরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সেখানে বসে থাকেন।’