পাহাড়ধসে বিধ্বস্ত হওয়ার ৬৯ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে। গত ১৩ জুন ভয়াবহ পাহাড়ধসে সড়কের খামারপাড়া (রাঙামাটি শহর থেকে ১৩ কিলোমিটার দূরে) এলাকায় ২০০ ফুট অংশ বিলীন হয়ে যায়। সেখানে বেইলি সেতু নির্মাণের পর গতকাল সোমবার তা উদ্বোধনের মধ্য দিয়ে সরাসরি বাস-ট্রাক চলাচল শুরু হয়েছে।
রাঙামাটি শহর থেকে সরাসরি সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী, চালক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। গতকাল বেলা ১১টায় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদান হোসেন বেইলি সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পাহাড়ধসের আট দিন পর খামারপাড়া এলাকায় বিকল্প সড়ক তৈরি করে প্রথমে হালকা যান চলাচলের জন্য উপযোগী করা হয়। এরপর ২৬ জুন থেকে সড়কের বিলীন হওয়া অংশে বেইলি সেতু নির্মাণকাজ শুরু হয়। এই সেতুর নির্মাণে ব্যয় হয় ২ কোটি ৩৬ লাখ টাকা।
এত দিন রাঙামাটি শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ঘাগড়া এলাকায় গিয়ে বাসে উঠতে হতো যাত্রীদের। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসও ঘাগড়ায় যাত্রীদের নামিয়ে দিত। এরপর অটোরিকশায় করে শহরে আসতে হতো। অবশ্য এখনো শহর থেকে ঘাগড়া পর্যন্ত সড়কের ৩১টি স্থানে ভাঙন ও ফাটল রয়েছে। ভাঙন এলাকায় ধীরগতিতে গাড়ি চলে।
ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় দুই মাস ধরে রাঙামাটি শহরে পণ্য আনা-নেওয়ায় করতে ব্যবসায়ীদের পরিবহন খরচ বেড়ে যায়। এ কারণে শহরে চাল, ডাল, তেলসহ প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম কেজিতে এক থেকে দেড় টাকা করে বেশি নেওয়া হতো।
ভারী যান চলাচল চালু হওয়ায় রাঙামাটিতে দ্রুত স্থিতিশীল হয়ে উঠবে বলে আশা করছেন রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি মো. বেলায়েত হোসেন ভূঁইয়া।
গতকাল দুপুরে খামারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বেইলি সেতু দিয়ে ট্রাক, বাস চলাচল করছে। সেখানে কথা হয় বাসচালক মো. ইদ্রিস আলীর সঙ্গে। তিনি বলেন, ‘পাহাড়ধসের পর এই প্রথম যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটি শহরে আসছেন।’
সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় পর্যটক আসতে না পারায় ধস নামে পর্যটন ব্যবসায়। রাঙামাটি চেম্বারের হিসাবে পর্যটন খাতে দিনে ৩০ লাখ টাকা ক্ষতি হচ্ছিল।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, বাস চলাচল শুরু হওয়ায় আগামী ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটিতে আগের মতো পর্যটকেরা রাঙামাটি শহরে ভিড় করবেন।
রাঙামাটি পর্যটন, গাছ ও বাঁশ ব্যবসার ওপর নির্ভরশীল বলে জানান শহরের বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু সৈয়দ। তিনি বলেন, শহরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা দুই মাসের বেশি সময় ধরে লোকসান গুনছেন। এখন ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পাবেন।
এদিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ৩১টি ভাঙন এলাকার বেশির ভাগ অংশ আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার করা হবে বলে জানান রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন। তিনি বলেন, এই সড়কে যানবাহন চলাচলে আর কোনো সমস্যা হবে না।