পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে গেলেন ইউনেসকোর প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে গেলেন জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক আইরিনা বোকোভা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টারযোগে পাহাড়পুরে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বদলগাছি-মহাদেবপুর এলাকার সাংসদ আকরাম হোসেন চৌধুরী। ইউনেসকো মহাপরিচালক মিস আইরিনা বোকোভা পাহাড়পুর বৌদ্ধবিহার ও বিহারসংলগ্ন জাদুঘর ঘুরে দেখেন। এ সময় তাঁকে পাহাড়পুর বৌদ্ধবিহারের বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রাণকৃষ্ণ গোপাল। এর আগে তিনি স্থানীয় আদিবাসী শিল্পীদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।ইউনেসকোর প্রধানের এই সফরের সময় তাঁর সঙ্গী ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাছের চৌধুরী, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম, ইউনেসকোর স্থানীয় প্রতিনিধি কিচি ওয়াসু, কিয়া কাটসেন, প্রত্নতত্ত্ব বিভাগের রামিন্দ্র চন্দ্র ও মহিউদ্দিন আহম্মেদ। বদলগাছি থানার ওসি আলমগীর হোসেন জানান, ইউনেসকোর প্রধান আইরিনা বোকোভা ও তাঁর সফর সঙ্গীরা বিহার পরিদর্শন শেষে বেলা একটার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।