পাহাড়ি অঞ্চলে খাদ্য নিরাপত্তার জন্য জুমচাষ অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা সার্কেলপ্রধান ও জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায় বলেছেন, জুমচাষ শুধু একটি ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি নয়, আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবন-জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। এ ছাড়া প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে খাদ্যনিরাপত্তার জন্য জুমচাষ অপরিহার্য। গতকাল বুধবার আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থার (ইসিমোড) সহযোগিতায় বেসরকারি সংস্থা হিমাওয়ান্তি ও গ্রিনহিল আয়োজিত ‘জুমচাষবিষয়ক শিলং ঘোষণা ২০০৪’-এর ওপর আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের সময় রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন হিমাওয়ান্তির বাংলাদেশের প্রধান টুকু তালুকদার।রাজা দেবাশীষ রায় চট্টগ্রামের অনেক অঞ্চলে বন ধ্বংস করে হালচাষের জমি সৃষ্টি করা হয়েছে বলে উদাহরণ দিয়ে বলেন, জুমচাষে সে তুলনায় স্থায়ীভাবে বন ধ্বংস করতে হয় না। আর পাহাড়ি অঞ্চলে ধানচাষের জমি না থাকায় আদিবাসীরা জুমচাষনির্ভর। কারণ, মানুষের প্রধান চাহিদা খাদ্য। জুমচাষ পার্বত্য চট্টগ্রামে বনবাগান সৃজনের প্রধান মাধ্যম বলে তিনি উল্লেখ করেন। জুম খেতে ধানসহ কত প্রকার ফসল উৎপন্ন হয়, তা প্রদর্শনের জন্য ‘জুম মেলা’ আয়োজনের প্রস্তাব করেন রাজা দেবাশীষ রায়।কর্মশালায় অংশগ্রহণকারী জুম চাষিরা দাবি করেন, জুম থেকে ধান ছাড়াও নানা ফলমূল, তরকারি, আদা, হলুদসহ মসলাজাতীয় দ্রব্য পাওয়া যায়। অথচ জুমচাষকে সরকারি পর্যায়ে উৎপাদনের কোনো মাধ্যম হিসেবে মূল্যায়ন করা হয় না। রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক উপপরিচালক কাজল তালুকদার বলেন, বর্তমান সরকার খাদ্য উৎপাদনের জন্য সবকিছু করছে। কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর এমন ভুল ধারণার কারণে জুমচাষের মাধ্যমে যে খাদ্য উৎপাদন হয়, তার দিকে মনোযোগ দিচ্ছে না। কর্মশালায় জুমচাষবিষয়ক শিলং ঘোষণার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা। আলোচনায় অংশ নেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া শিরিনসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, উন্নয়নকর্মী।