
আমাদের পাহাড়ের বনে তিন প্রজাতির বুনো আম রয়েছে। এগুলো হলো উড়ি আম, জংলি আম এবং মালি আম। মালি আম প্রথম চিনেছি স্থপতি মুসতাক কাদরির মাধ্যমে। ঢাকার রমনা পার্কে বড় ও মাঝারি আকারের ১২টি মালি আমগাছ আছে। রমনা পার্কের উত্তর অংশের দিকে শেরাটন হোটেল লাগোয়া অংশ থেকে রমনা নার্সারির দিকে। মালি আমগাছগুলো রমনা পার্কে কে বা কারা রোপণ করেছিলেন, সে তথ্য পাওয়া যায়নি। তবে গাছগুলোর বয়স ৫০-এর ওপরে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনেও এই গাছ আছে।
রমনা পার্কের গাছগুলোর প্রতি যত্নবান হওয়া খুবই দরকার। কয়েকটি গাছের গোড়া কংক্রিট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এগুলো ভেঙে ফেলা দরকার। তা ছাড়া পার্কের ভেতর এ অংশে অপরিকল্পিত গাছ রোপণ করার ফলে এসব বিরল গাছ পর্যাপ্ত পুষ্টি উপাদান ও সূর্যালোক পাচ্ছে না। মালি আমসহ গাছপালার নিয়মিত পরিচর্যা করার বিষয়টি পার্ক কর্তৃপক্ষের ভেবে দেখা জরুরি।
চারদিকে এখন কাঁচা আমের ছড়াছড়ি। এ সময় রমনা পার্কে প্রায় সব কটি গাছেই মালি আম পেকেছে। গাছতলায় কমলা-হলদে বর্ণের পাকা আম পড়ে আছে। কিছু মানুষ গাছ থেকে মালি আম পেড়ে নিয়ে যাচ্ছে। জানামতে, পাহাড়ে এ গাছের সংখ্যা কমে গেছে। মালি আম বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে জন্মে। মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, আন্দামান দ্বীপ ও মালয়েশিয়াতেও হয়। মূলত বৃষ্টিবহুল বনের গাছ।
মালি আমের ইংরেজি নাম Burmese Plum, Marian Plum। পরিবার Anacardiaceae। বৈজ্ঞানিক নাম Bouea oppositifolia। চিরসবুজ এবং বহুবর্ষজীবী গাছ। বছরের সব সময় গাছভর্তি পাতা থাকে। গাছ প্রায় ৪২ মিটার উঁচু হয়। ফাগুনে গাছে ফুলের কুঁড়ি আসে, ফল পাকে গ্রীষ্মের শুরুতে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। পাকা ও কাঁচা ফল খুবই টক। ফল ডালের সঙ্গে মিশিয়ে খেলে বেশ স্বাদ। পাকা ও কাঁচা ফল তরকারি হিসেবে খাওয়া যায়। কাঠের মান ভালো। আসবাব ও চাকুর বাঁট বানাতে এই কাঠ ব্যবহার করা হয়। ছায়াময় গাছ, চারদিকে সমভাবে বাড়ে। ফুল দেখতে ফ্যাকাশে হলুদ। পাতার বিন্যাস একটির বিপরীতে আরেকটি। যে কারণে বৈজ্ঞানিক নামের শেষে ওপোজিটিফোলিয়া হয়েছে। জলাভূমি, পিট ফরেস্ট এমনকি ৬০০ ফুট উঁচু পাহাড়েও জন্মে।