প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিদ্যুৎ সরবরাহ লাইনে পাহাড়ি গাছের লতা পেঁচিয়ে যাওয়ায় গতকাল সোমবার সকাল থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। পিডিবির শ্রীমঙ্গলের গ্রিড লাইন থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার মধ্য দিয়ে কমলগঞ্জে প্রবাহিত হয়েছে ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইন। গতকাল সকাল ১০টায় হঠাৎ কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের লোকজন পাহাড়ি এলাকায় অনুসন্ধান করে দেখতে পান গভীর বনের একটি স্থানে পাহাড়ি গাছের লতা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে গেছে। পরে ওই লতা সরিয়ে পাঁচ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।