পাহাড়ি গ্রামে হামলার প্রতিবাদ
পার্বত্য চট্টগ্রামের নির্বাচিত আদিবাসী জনপ্রতিনিধিদের সংগঠন জুম্ম জনপ্রতিনিধি সংসদ খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ও বেতছড়িতে পাহাড়িদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার নির্বাচিত জুম্ম প্রতিনিধি সংসদের দপ্তর সম্পাদক সমর বিজয় চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমলছড়ির সবিতা চাকমা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি, তাঁর পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান ও নাবালক সন্তানদের ভরণপোষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ, কমলছড়ি ও বেতছড়ি পাহাড়ি গ্রামে হামলাকারীদের সর্দার ও গডফাদারদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, বাঙালিদের হামলায় আহত পাহাড়ি ও সাম্প্রদায়িক মহলের প্ররোচনায় পাহাড়িদের ওপর হামলা করতে গিয়ে আহত হওয়া বাঙালিদের সরকারিভাবে চিকিৎসা প্রদানসহ সাত দফা দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনের সভাপতি ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, উগ্র সাম্প্রদায়িক স্বার্থবাদী চক্র নিজেদের স্বার্থে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে পাহাড়ি-বাঙালির মধ্যে সংঘাত বাধায়। আর এই হীন স্বার্থের ভুক্তভোগী হয় সাধারণ পাহাড়ি-বাঙালি। এ ব্যাপারে প্রশাসনসহ পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের সর্বস্তরের লোকজনের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়।