পাহাড়ি ছাত্র পরিষদকর্মী আটকের প্রতিবাদে অবরোধ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার নানিয়ারচরে সোহেল চাকমা নামের পাহাড়ি ছাত্র পরিষদের এক সদস্যকে আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।আটক নানিয়ারচর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সোহেল চাকমার বিরুদ্ধে কয়েক ব্যক্তির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সোহেল চাকমাকে আটকের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ নানিয়ারচর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সভায় সোহেল চাকমার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। তাকে আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেওয়া হয়। এতে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা। পরে অনিল চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সোহেল চাকমা অপর দুই সহকর্মীকে নিয়ে ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসের সভা উপলক্ষে নানিয়ারচর বাজারে ২০ টাকা মূল্যের কুপনের মাধ্যমে টাকা সংগ্রহ করছিল। তারা কারও কাছ থেকে জোর করে টাকা নেয়নি। ওই সময় বেলা ১১টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে তাদের আটক করেন। পরে দুজনকে ছেড়ে দিলেও সোহেল চাকমাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নানিয়ারচর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, সোহেলের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে। তবে থানায় কোনো মামলা হয়নি।