পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গত রোববার অজ্ঞাত যুবকদের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের (এমএন লারমা) উপজেলা শাখার সভাপতি বাবুল চাকমা ও কলেজ শাখার জ্যেষ্ঠ সহসভাপতি পরান্টু চাকমা আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বাবুল চাকমার মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট ছিনতাই করে নিয়ে গেছে বলে তাঁরা অভিযোগ করেন। তাঁদের দুজনকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামকে দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। পাহাড়ি ছাত্র পরিষদ গতকাল এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় ওই সংগঠনের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি বাবুল চাকমা ও দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সহসভাপতি পরান্টু চাকমা বড়াদম এলাকা থেকে ফিরছিলেন। পথে নারকেল বাগান এলাকায় কয়েকজন যুবক তাঁদের পথরোধ করে। ওই যুবকেরা তাঁদের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেলসহ সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে।এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা করে। সংগঠনের কলেজ শাখার সভাপতি রাজীব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি খেলুঅং মারমা, জেলা শাখার সভাপতি সমীর চাকমা, উপজেলা সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা, রাজন চাকমা প্রমুখ।