পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে ২২ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ণিমার জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ২২ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ নাজমুল হক প্রথম আলোকে বলেন, পূর্ণিমার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে আরও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিনি বলেন, সঞ্চালনশীল মেঘমালার কারণে সারা দেশের উপকূলীয় এলাকাসমূহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত টেকনাফে ১৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পূর্ণিমার জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, গোদামপাড়া, ওযাব্রাং ও লামারপাড়া; সাবরাং ইউনিয়নের পশ্চিমপাড়া, ডাঙ্গারপাড়া, উত্তরপাড়া, মাঝরডেইল, ক্যাম্পপাড়া, জালিয়াপাড়া, মগপুরা, বিলপাড়া, হারিয়াখালী, কচুবনিয়া, কাটাবনিয়া, ঘোলাপাড়া ও লাফারঘোনা এবং পৌরসভার ইসলামাবাদ, পল্লানপাড়া, অলিয়াবাদ, সাইতংখিল এলাকার ঘরবাড়িসহ শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, চিংড়িঘের, পানের বরজ, সুপারির বাগান ডুবে গেছে। কচুবনিয়া এলাকার বাসিন্দা আবদুল মাজেদ (৫২) বলেন, ‘আগে কখনো জোয়ারের পানি আমাদের গ্রামে আসতে দেখিনি। কিন্তু এবার লবণাক্ত পানি ঢুকে পানের বরজ, ফসলি জমি ও ঘরবাড়ি ডুবে গেছে।’ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেকনাফের উপপ্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, পূর্ণিমার জোয়ার ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার ৬৫ কিলোমিটার বেড়িবাঁধের একাধিক স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপজেলার ২২ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।