পাহাড়ি ঢলে আবার মনু সেতু ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মনু সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে তৈরি হওয়া পাহাড়ি ঢলে কমলগঞ্জ-কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট সড়কে অবস্থিত এ সেতু ক্ষতিগ্রস্ত হয়। মনু নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত করা না হলে সেতুটি রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নকে দুই ভাগ করেছে মনু নদ। এ নদের দক্ষিণ-পূর্বাংশে রয়েছে ৯ গ্রামের ২০ হাজার মানুষের বসতি। তা ছাড়া এ অংশে তিনটি হাট ছাড়াও চাতলাপুর স্থল শুল্ক স্টেশন, অভিবাসন কেন্দ্র (ইমিগ্রেশন পোস্ট), একটি উচ্চবিদ্যালয়, সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ দুটি বিজিবি সীমান্ত ফাঁড়ি রয়েছে।
চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়িসংলগ্ন এলাকায় মনু নদের ওপর ২০০৫ সালে ৬ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। গত মে মাস থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু সেতু এলাকার প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। এতে মনু সেতুটি ঝুঁকির মুখে পড়ে। এ নিয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদনও প্রকাশ হয়েছিল। পরে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ জরুরি ভিত্তিতে বস্তায় সিমেন্ট ও বালু ভরে সেতুর ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিম প্রান্তে ফেলে সেতুটি রক্ষার চেষ্টা করে। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ফেলা সিমেন্ট-বালুর বস্তা সরে যায়। এতে সেতুটি আবারও হুমকির মুখে পড়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, মনু নদের প্রতিরক্ষা বাঁধ যেভাবে ভাঙছে, তাতে সেতু ও সড়কটি রক্ষা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। সেতুটি রক্ষার স্থায়ী উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মিন্টর রঞ্জন দেবনাথ বলেন, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সেতু এলাকায় গাছের পাইলিং করে বালু-সিমেন্টমিশ্রিত বস্তা ফেলে সেতু রক্ষার চেষ্টা চলছে। তবে সেতু রক্ষা করতে হলে কমপক্ষে ৫০০ ফুট প্রতিরক্ষা বাঁধ সংস্কার করতে হবে বলে তিনি জানান।
পাউবোর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী ইন্দু বিজয় শঙ্কর চক্রবর্তী মনু সেতু এলাকায় প্রতিরক্ষা বাঁধে ভাঙনের সত্যতা নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করা যায়নি। এ এলাকার প্রতিরক্ষা বাঁধের উন্নয়নসহ বাঁধের ৩৯টি পয়েন্টে ব্লক স্থাপনের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুমোদন হলে শুষ্ক মৌসুমে কাজ করতে হবে।