পাহাড়ি ঢলে কমলগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শনি ও গতকাল রোববারের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুটি স্থানের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। লাঘাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আরও চারটি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।এদিকে কমলগঞ্জে গতকাল বিকেলে ঢলের পানিতে মিছবারুন (১০) নামের একটি শিশু ভেসে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে কমলগঞ্জের টিলাগাঁও গ্রামের একটি খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম ভ্রমর মিয়া।এ ছাড়া কুলাউড়া উপজেলায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় পাহাড়ি ঢলে তা ভেঙে বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।শনিবার সন্ধ্যা সাতটার দিকে প্রতিরক্ষা বাঁধ ভেঙে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিমুলতলা এলাকায় ঢলের পানি প্রবেশ করে। এতে ওই ইউনিয়নের পাঁচটি গ্রামের অনেক এলাকার আউশ ধান, আউশের বীজতলা ও গ্রাম্য রাস্তা প্লাবিত হয়। এদিকে বর্ষণ অব্যাহত থাকায় গতকাল দুপুর একটায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এতে ইসলামপুর, আদমপুর ও আলীনগর ইউনিয়নের ২০টি গ্রামের আউশ ধান ও আউশের বীজতলা প্লাবিত হয়।কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, ধলই নদীর প্রতিরক্ষা বাঁধের আটটি স্থানে ফাটল দেখা দিয়েছে। গ্রামবাসী নিজেদের উদ্যোগে এসব ফাটল মেরামত করে পাহারা দিচ্ছেন।পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কমলগঞ্জ পৌরসভার আলেপুর এলাকার ধলাই প্রতিরক্ষা বাঁধের ফাটল মেরামতের কাজ করছেন পানি উন্নয়ন বোর্ডের লোকজন। আশ্রয়গ্রাম ও খন্দকার গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ। এই দুটি স্থান মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বৃষ্টি ও ঢলের পানির চাপ বেশি থাকায় কাজ শুরু করা যাচ্ছে না।কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র বাড়ৈ বলেন, পানিতে সাড়ে চার শ হেক্টর জমির আউশ ধান ও বীজতলা ডুবে গেছে। এ ছাড়া প্রায় ৪০ হেক্টর জমির সবজি ডুবে গেছে।পাহাড়ি ঢলের পানিতে অনেক এলাকা প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, পরিস্থিতি সার্বক্ষণিকভাবে তদারক করা হচ্ছে।কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হক বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মনু নদের প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ ছয়টি স্থান দ্রুত মেরামত করতে বলা হয়েছে।