পাহাড়ি ঢলে কৃষকের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলায় অন্তত সাড়ে ৩ হাজার হেক্টর আমন খেতের ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢল এবং নদীর জোয়ারের সঙ্গে আসা পলি ও বালু পড়ে নষ্ট হয়ে গেছে আমনের চারা। হঠাৎ ফসলহানিতে দিশেহারা কৃষক।

পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়ায় চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলের ৪৫ শতাংশ জমির আমনের চারা নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে বিলের ৬ হাজার হেক্টরের মধ্যে ২ হাজার হেক্টর জমির চারা পচে গেছে।

রাঙ্গুনিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ ধরে পানিতে ডুবে ছিল গুমাইবিলের ৬ হাজার হেক্টর জমি। বিলের চন্দ্রঘোনা-কদমতলী, মরিয়ম নগর, স্বনির্ভর রাঙ্গুনিয়া, হোছনাবাদ ইউনিয়ন ও পৌর এলাকার ৮৫ ভাগ জমিতে এবার আমন চাষাবাদ হয়। পানিতে ডুবে নষ্ট হয় ৪৫ ভাগ চারা। তবে পানি নেমে যাওয়ায় রক্ষা পেয়েছে উঁচু জমির আমন।      

গুমাইবিলের কৃষক চন্দ্রঘোনার কাঁটাখালী গ্রামের মো. আজিম (৫৮) বলেন, ‘এক একর জমিতে চাষাবাদ করেছি। সার, বীজ, শ্রমিক খরচসহ সব মিলিয়ে সাড়ে সাত হাজার টাকা খরচ হয়েছে। জমি পানিতে ডুবে থাকায় সব চারা নষ্ট হয়ে গেছে। এবার বিলের চার হাজার কৃষকের আমন খেত নষ্ট হয়েছে।’

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, কৃষকেরা যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারেন এ জন্য কৃষি অফিস সর্বাত্মক চেষ্টা করছে। পাশের উপজেলা থেকে চারা এনে কৃষকদের মাঝে সরবরাহ করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি কৃষকদের নাবি জাতের চারা রোপণ করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

এদিকে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ির অন্তত দেড় হাজার একর আমন খেতের চারা নষ্ট হয়েছে। এখনো অনেক জমি পলি ও বালুর নিচে চাপা পড়ে আছে।

কৃষি বিভাগ জানায়, ধুরুং, তেলপারই, লেলাং, সর্তা খাল ও হালদা নদীর তীরবর্তী উপজেলার সমিতিরহাট, রোসাংগিরী, সুয়াবিল, ভূজপুর, সুন্দরপুর, ধর্মপুর ও হারুয়ালছড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা গত জুলাই মাস থেকে এ নিয়ে দুইবার প্লাবিত হয়েছে।

উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী জানান, বন্যার পর বৃষ্টিতে প্রায় ১২০ একর জমি এবার জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট হয়েছে।

কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ২২ হাজার ২২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। পলি ও বালু পড়ে আমনের চারাগাছগুলোকে পরিচর্যা করে কিছুটা হলেও ফলনের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এ জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, বন্যায় দেড় হাজার একর আমনের খেত নষ্ট হয়েছে। অনেক এলাকায় এখনো পানি জমে আছে। আমনের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি অনুকূল হলেও, ভারী বৃষ্টি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি)