পাহাড়ি ঢলে জলকপাটের দুই পাশে ধস, শঙ্কায় কৃষক

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধামাইছড়ার চান্দভাগ চা-বাগান এবং বড়দলের দুটি জলকপাটের (স্লুইসগেট) দুপাশের মাটি ধসে পড়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জলকপাট দুটি অকার্যকর হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপকারভোগী সহস্রাধিক কৃষক।
রাজনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে উত্তরভাগ ইউনিয়নের ধামাইছড়ার (ধামাইখাল) ওপর নির্মিত চান্দভাগ চা-বাগান এলাকার জলকপাটের দুপাশের টিলা সম্পূর্ণভাবে ধসে পড়ে। পরে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ধস আরও বৃদ্ধি পায়। একইভাবে ওই সময়ে ধামাইছড়ার বড়দল এলাকায় আরেকটি জলকপাটের দুই পাশের মাটি ধসে পড়ে। এতে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি এখন আর শুধু ধামাইছড়ার জলকপাটের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে না। বৃষ্টির পরিমাণ বেশি হলে জলকপাটের বাইরের খোলা অংশ দিয়ে পানি নিম্নাঞ্চলে চলে যাচ্ছে।
উত্তরভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক বলেন, ‘পাহাড়ি ঢলে স্লুইসগেটের দুই পাশের মাটি পানিতে ভেসে গেছে। স্লুইসগেট দুটির কার্যকারিতা ধরে রাখতে দ্রুত বাঁধ মেরামত দরকার।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার আর্থিক সহায়তায় ধামাইছড়ার ওপর ধামেশ্বরী উপপ্রকল্প নামে চান্দভাগ চা-বাগান এবং বড়দল নামক স্থানে দুটি জলকপাট নির্মাণ করা হয়। ২০১৪ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হয় এবং নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালের ডিসেম্বরে। এতে ব্যয় হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকা। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে উত্তরভাগ ইউনিয়নের নিম্নাঞ্চল এবং ভুরভুরি বিল, ফাটাবিল, পশ্চিম চানভাগ, পূর্ব চানভাগ, বড়দল, উত্তরভাগ, হায়পুরসহ এলাকার ১ হাজার ৭২৯ একর জমি শুকনো মৌসুমে সেচ সুবিধার আওতায় আনা এবং বর্ষা মৌসুমে জলকপাটের মাধ্যমে ঢলের পানি আটকে রাখা। যাতে ঢলের পানি দ্রুত নেমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে নিম্নাঞ্চলের ফসলের খেত নষ্ট করতে না পারে। এই দুটি জলকপাটের মাধ্যমে এলাকার ১ হাজার ২০০ কৃষক উপকৃত হচ্ছেন।
রাজনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়্যাত জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে স্লুইসগেটের দুপাশের মাটি ধসে গেছে। তবে এর অবকাঠামো ঠিক আছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষা এবং শুকনো মৌসুমে সেচ দেওয়াই এ প্রকল্পের উদ্দেশ্য। দুপাশের বাঁধ মেরামত না করা হলে জলকপাট কাজে আসবে না। সার্বিক পরিস্থিতি উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি।’