পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর ১০ গ্রাম প্লাবিত
অব্যাহত প্রবল বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলের পানিতে বুধবার ঝিনাইগাতী সদর বাজারসহ সদর ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার বাড়িঘরে পানি উঠেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে ঝিনাইগাতীতে প্রায় বিরতিহীনভাবে ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে মহারশি নদের রামেরকুড়া, দীঘিরপাড় ও খৈলকুড়া এলাকার বেড়িবাঁধের ওপর দিয়ে ঝিনাইগাতী সদর বাজারে প্রবেশ করে।
এতে ঝিনাইগাতী বাজারসহ উপজেলা পরিষদ, ডাকঘর, সাবরেজিস্ট্রার ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের চারপাশের এলাকা প্লাবিত হয়েছে। বাজারের অধিকাংশ দোকান ও সংলগ্ন বাড়িঘরে পানি প্রবেশ করায় মালামালের ক্ষতি হয়েছে। এ ছাড়া সদর ইউনিয়নের ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্তত ১০টি পুকুরের মাছ ঢলের পানিতে ভেসে গেছে। তবে মাঠে ফসল না থাকায় কৃষির তেমন ক্ষতি হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড়ি ঢলের পরিস্থিতির অবনতি হতে পারে। তবে বৃষ্টি না হলে পানি সরে যাবে বলে আশা করা যায়। ঢলের পানিতে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে।