পাহাড়ি ঢলে ডুবেছে সড়ক, ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় ডুবে গেছে সড়ক ও ঘরবাড়ি। গতকাল সোমবার বিকেল থেকে মাতামুহুরী নদীর দুই তীর উপচে পানি ঢুকে পড়ে। সন্ধ্যার পর থেকে মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিগরপানখালী, নিচপানখালী ও খোয়াজনগর এলাকার অন্তত সাড়ে তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় পানি বাড়ছে।

 এ ছাড়া চকরিয়ায় সুরাজপুর-মানিকপুর, কাকারা, বরইতলী, হারবাং ইউনিয়ন ও পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক প্রথম আলোকে বলেন, তাঁর ইউনিয়নের হিন্দুপাড়া, দক্ষিণপাড়া, মাঝেরপাড়া, চেয়ারম্যানপাড়া, খন্দকারপাড়া, মাতব্বরপাড়া ও বড়ুয়াপাড়ায় ঢলের পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্র ও ইউপি ভবনে প্লাবিত এলাকার লোকজন আশ্রয় নিয়েছে।

কাকারা ইউপির চেয়ারম্যান শওকত ওসমান প্রথম আলোকে বলেন, প্রপার কাকারার ভাঙা বেড়িবাঁধ দিয়ে মাতামুহুরী নদীর ঢলের পানি ঢুকে প্রপার কাকারা, পূর্বপাড়া ও বিয়ারিপাড়া এলাকা প্লাবিত হয়েছে। প্রপার কাকারা এলাকার গ্রামীণ সড়কে গতকাল সন্ধ্যার পর থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্লাবিত এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পেকুয়া উপজেলার প্রধান সড়ক পেকুয়া-বরইতলী সড়কের পহরচাঁদা মাদ্রাসা থেকে বাঘগুজারা স্টেশন এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে বন্ধ রয়েছে যান চলাচল। সন্ধ্যার পর থেকে শিলখালী ইউনিয়নের পেঠান মাতব্বরপাড়া, পহরচাঁদা, সাঁকোরপাড় ও হাজিরঘোনায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে যাঁদের বাড়িঘরে পানি ঢুকছে, তাঁদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।