পাহাড়ি ঢলে দুটি সেতুর সংযোগ সড়কে ধস

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণাধীন দুটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে সেতুর কাজ যথাসময়ে শেষ করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সওজ। ভাঙন ঠেকাতে এলাকাবাসী নদীশাসনের জন্য প্রকল্প নেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেতু দুটির মধ্যে একটি কাস্তুল ইউনিয়নে বাহাদুরপুর নদের ওপর এবং অন্যটি কারলান নদের ওপর নির্মাণ করা হচ্ছে। দুই বছর আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে এসব সেতুর কাজ শুরু হয়।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে ২০টির মতো সেতুসহ প্রায় ১০০ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ২০১৪ সালের শেষ দিকে বাজিতপুর উপজেলার উজানচর থেকে অষ্টগ্রাম পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কসহ তিনটি সেতু নির্মাণ শুরু হয়। ৩০ জুন এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কয়েক দিন ধরে উজান থেকে নেমে আসা ঢলে বাহাদুরপুর নদের ওপর নির্মাণাধীন ৩০০ ফুট দীর্ঘ সেতুর পূর্ব পাশের প্রায় ৫০ ফুট সংযোগ সড়ক ধসে গেছে। ক্ষতিগ্রস্ত স্থানটিতে বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় মূল সড়ক থেকে সেতুটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রবল স্রোতের কারণে কারলান নদের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের ২০-৩০ ফুট ধসে গেছে। এতে পূর্ব পাশে গর্ত তৈরি হওয়ায় উজানচর-অষ্টগ্রাম সড়ক থেকেও সেতুটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ অবস্থায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেতু দুটির ক্ষতিগ্রস্ত অংশে কংক্রিটের বোল্ডার, বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী সুশান্ত কুমার সরকার বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ায় বাহাদুরপুর নদের ওপর নির্মাণাধীন সেতুর পূর্ব পাশের প্রায় ৫০ ফুট সংযোগ সড়ক ও কারলান সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কিশোরগঞ্জ সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী রুহুল আমীন খান বলেন, স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে নদীশাসনের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন ও নাব্যতা বৃদ্ধি করতে হবে।
এ বিষয়ে সওজ কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, আপাতত ব্লক ও বালুর বস্তা ফেলে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে আলোচনা করে নদী খননসহ নদীশাসনের কার্যক্রম গ্রহণ করা হবে।