পাহাড়ি ঢলে দুটি স্থানে ভাঙন, ঝুঁকিতে ১৮টি স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের দুটি স্থান ভেঙে গেছে। ১৮টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সম্প্রতি পাহাড়ি ঢলে নদে পানি বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন থেকে মৌলভীবাজার জেলা সদরসংলগ্ন রহিমপুর ইউনিয়ন পর্যন্ত ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

ভারতের ত্রিপুরার কমলপুরের পাহাড়ি এলাকা থেকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বনাঞ্চল দিয়ে ধলাই নদ বাংলাদেশে প্রবেশ করেছে। উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত ও টানা বৃষ্টির সময় নদটি ফুলে-ফেঁপে ওঠে। তখন স্রোতের চাপে প্রতিরক্ষা বাঁধ ভাঙতে শুরু করে। প্রতিরক্ষা বাঁধ ভেঙে অনেক স্থান খুবই সরু হয়ে গেছে। অনেক স্থান ও ফসলি জমি একাকার হয়ে গেছে। সেখানে প্রতিরক্ষা বাঁধের চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে পাহাড়ি ঢলে ধলাই নদে পানি বাড়ায় ইসলামপুর ইউনিয়নের মখাবিল, গুলের হাওর, শ্রীপুর, মাধবপুর ইউনিয়নের হীরামতি, শিমুলতলা কাটাবিল, আদমপুর ইউনিয়নের বনগাঁও, ঘোড়ামারা নাজাত কোণা, তিলকপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ, কমলগঞ্জ পৌরসভার আলেপুর, গোপাল নগর, করিমপুর, উজিরপুর, কুমড়া কাপন, রামপাশা, মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর ও উবাহাটা গ্রামের প্রতিরক্ষা বাঁধের ১৮টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাতে টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জ পৌরসভার গোপালনগর ও মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের গ্রামে ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙে কয়েকটি এলাকার রোপা আমনের ফসল তলিয়ে যায়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান বলেন, এ ইউনিয়নে ধলাই প্রতিরক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ বলেন, পৌরসভা এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধের ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ। এর মাঝে গোপালনগর এলাকার প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রব বলেন, ভাঙন ঠেকাতে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের অনেক স্থানে পাথরের ব্লক স্থাপন করা হয়েছে।