পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, ফের বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টিপাতে সিলেটের তিনটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার থেকে সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুরমাসহ বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশল বিভাগ জানায়, গতকাল দুপুরে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার দুই পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কানাইঘাটে। পাউবোর উপপ্রকৌশলী নিহার রঞ্জন দাস প্রথম আলোকে জানান, পাহাড়ে বেশি বৃষ্টি হওয়ায় কানাইঘাটের সীমান্ত নদী লোভাছড়া দিয়ে সিলেট অঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল সকাল থেকে কোম্পানীগঞ্জে বন্যার পানি উপজেলা সদরে ঢুকে পড়ে। এক থেকে দেড় ফুট পরিমাণে পানি জমে নৌকা চলাচল করছে উপজেলা সদরে। বন্যাকবলিত হওয়ায় ভোলাগঞ্জ কোয়ারিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। ধলাই নদী দিয়ে প্রবল বেগে ঢলের পানি প্রবাহিত হওয়ায় ছনবাড়ী এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ওপরের দিকে পানি নামতে থাকলেও নিম্নাঞ্চলে পানি বাড়ছে। উপজেলা পরিষদ মাঠে পানি উঠে গেছে। পরিস্থিতির উন্নতি না হলে সড়ক যোগযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়ন ছাড়া উপজেলার বাকি আটটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। সালুটিকর-গোয়াইনঘাট ও গোয়াইনঘাট-সারি রাস্তায় যান চলাচল এবং জাফলং ও বিছনাকান্দি কোয়ারিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী প্রথম আলোকে জানান, প্রায় ১৫ দিনের ব্যবধানে এলাকায় দুই দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় গ্রামের মানুষেরা বিপাকে পড়েছে। চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপজেলা প্রশাসন আশ্রয়কেন্দ্র খোলার ঘোষণা দেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী জানান, বন্যাদুর্গত ব্যক্তিদের জন্য ৩৩ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গতকাল তিনি জাফলং ও লেঙ্গুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন। জৈন্তাপুর উপজেলার শেওলারটুক, বাওরহাওর, ঢুলটিরপাড়, মোয়াখাই, কাটাখাল, খারুবিল, লামনীগ্রাম, গাতিগ্রাম, পাঁচ সেউতি, বিড়াখাই, লামাবস্তি, লক্ষ্মীপুর, নিজপাট ইউনিয়নের কদমখাল, ময়নাবস্তি, কালীঞ্জবাড়ী, গোয়াবাড়ী, নয়াখেল, রুপচেং, লক্ষ্মীপ্রসাদসহ অর্ধশতাধিক গ্রাম দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে তলিয়ে গেছে। সারি, বড়গাং, রাংপানী, শ্রীপুর কোয়ারির প্রায় ৪০ হাজার বারকি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ রাশেদুল ইসলাম জানান, বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যাদুর্গত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ত্রাণতৎপরতা চালানো হয়েছে।