পাহাড়ি ঢলে ৬০০ একর বোরো খেত পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রায় ৬০০ একর বোরো খেত তলিয়ে গেছে। উপজেলা কৃষি কার্যালয় ও কৃষকদের সূত্রে জানা গেছে, ৫ মে থেকে টানা বর্ষণে ভারতের ত্রিপুরা ও সাজেক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সৃষ্টি হয়। এতে উপজেলার কাচালং ও শিজক নদীর পানি বেড়ে যায়। তলিয়ে যায় প্রায় দুই হাজার কৃষকের কাঁচা, আধাপাকা ও পাকা বোরো খেত। মোট ১৩টি ব্লকে ৫৭৮ একর বোরো খেত পানির নিচে রয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শিজক, লাল্যাঘোনা, উলুছড়ি, উগলছড়ি বিল ও শিলকাটাছড়া গ্রামে কয়েক শ একর বোরো খেত তলিয়ে গেছে। এর মধ্যে কাঁচা ও আধা পাকা বেশি। উগলছড়ি বিলে দেখা হয় ফাতেমা বেগমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ঋণ নিয়ে এক একর জমি চাষ করেছি। পাহাড়ি ঢলে সব খেত নষ্ট হয়ে গেছে। সরকার আগে ভর্তুকি দিত, দুই বছর ধরে তা-ও দিচ্ছে না। আমরা সব হারিয়েছি।’ লাল্যাঘোনা গ্রামের মো. ফকির আহমেঞ্চদ বলেন, ‘আমার দুই একর জমি তলিয়ে গেছে। এর মধ্যে আধা পাকা এক একর, বাকি এক একর কাঁচা ও পাকা। পাকা খেতগুলো ভালো থাকলেও কাঁচা আর আধা পাকাগুলো নষ্ট হয়ে যাবে।’ উপসহকারী কৃষি কর্মকর্তা সুরেশ্বর চাকমা প্রথম আলোকে বলেন, কাচালং ও শিজক নদী বেড়ে যাওয়ায় নিচু এলাকায় পানি ঢুকে পড়ে। ফলে শত শত একর কাঁচা ও আধা পাকা বোরো খেত তলিয়ে যায়। দ্রুত পানি সরে না গেলে এর মধ্যে অধিকাংশ বোরো খেত নষ্ট হয়ে যাবে।সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতীন রায় চাকমা বলেন, ‘আমাদের এলাকায় দেড় শ একরের বেশি বোরো খেত পানিতে তলিয়ে গেছে।’ এ ছাড়া দুটি বাঁধ ভেঙে ব্যাপক পাকা বোরো খেত নষ্ট হয়েছে বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জরিপ করে দেখেছি, প্রায় ছয় শ একর বোরো খেত পানিতে তলিয়ে গেছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে তদারকি করছে। আগামীকাল (আজ) আবার তলিয়ে যাওয়া জরিপ করা হবে।’