
জনপ্রতিনিধি হওয়ার পরও কেবল ‘নারী’ হওয়ার কারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। নারীদের এগিয়ে যেতে এবং অধিকার প্রতিষ্ঠায় সব বাধা দূর করতে হবে। পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিতে পার্বত্যচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা দরকার। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসকে সামনে রেখে গতকাল রোববার রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রাঙামাটির বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মণি চাকমা।
রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় বেসরকারি সংস্থা ‘টংগ্যা’র সম্মেলনকক্ষে পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কার্বারি নেটওয়ার্ক এ আলোচনা সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। সভার বিষয় ছিল ‘নিরাপত্তাসহ খাদ্য, সম্পদ, শিক্ষা ও ভূমির ওপর গ্রামীণ আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা চাই’। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী হেডম্যান-কার্বারি নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা। উল্লেখ্য, ১৫ অক্টোবর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে শুধু সভা বা আলোচনা করলে হবে না। এগিয়ে যাওয়ার জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কাজ করে যেতে হবে। তাঁরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ভূমি সমস্যা সমাধানের দাবি জানান।
সভায় চাকমা সার্কেলের রানি য়েন য়েন বলেন, অধিকার প্রতিষ্ঠা প্রশ্নে সরকারকে দায়বদ্ধ করা যায়। তবে স্থায়ী উন্নয়নের জন্য নারীদেরও সচেতন হতে হবে। উন্নয়নকাজে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম যেন নারীবান্ধব হয়, সে ব্যাপারে কথা বলতে হবে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের আরও কাজ করে যেতে হবে।
এএলআরডির উপনির্বাহী পরিচালক রওশন জাহান বলেন, একসময় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি, নারীদের ওপর নির্যাতন বিষয়ে কেউ কথা বলতে চাইতেন না। এখন সময় বদলেছে, সবাই অধিকার নিয়ে সোচ্চার।
সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান হেডম্যান-কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সান্তনা চাকমা। আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহসভাপতি কল্পনা চাকমা। সভায় নারী গ্রাম ও মৌজা প্রধানসহ তিন পার্বত্য জেলার শতাধিক নারী অধিকারকর্মী ও উন্নয়নকর্মী অংশ নেন। সভার আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে কল্যাণপুর এলাকা পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়।