পাহাড়ি নারীর প্রতি বৈষম্য দূর করতে প্রথাগত আইনের সংস্কার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি নারীর প্রতি বৈষম্য দূর করতে প্রথাগত আইনের সংস্কার প্রয়োজন। একই সঙ্গে পার্বত্য চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত করার কাজ এগিয়ে নিতে হবে। চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে শাসনতান্ত্রিক ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ নিশ্চত করা যাচ্ছে না। গতকাল সোমবার দুপুরে রাঙামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
শহরের আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা প্রগ্রেসিভ এবং নারী প্রগতি সংঘের উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, নারীনেত্রী কক্সি তালুকদার, এনজিও কর্মকর্তা নুকু চাকমা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য হেডম্যান ও কার্বারি পদে আরও বেশিসংখ্যক নারীকে নিয়োগ দেওয়া প্রয়োজন। চাকমা সার্কেলে কিছু নিয়োগ দেওয়া হলেও মং ও বোমাং সার্কেলে সেভাবে নারীদের নিয়োগ দেওয়া হচ্ছে না। পাহাড়ি নারীরা কঠোর পরিশ্রমী হলেও মজুরি দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হবে। দীর্ঘ ২০ বছরেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণে এসব পরিষদে নারীদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত। পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রথাগত আইনের সংস্কারের প্রয়োজন আছে। এটি সংস্কার না হওয়ায় পাহাড়ি নারীরা এখনো সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। আইনের কিছু দুর্বলতা থাকায় ভুক্তভোগী নারীরা ন্যায়বিচার পাচ্ছেন না।