পাহাড়ি বালুর আগ্রাসনে কমছে ফসলি জমি
হাওরে কৃষক পাখি মিয়ার (৬০) পাঁচ কেদার (১৫০ শতক) জমি ছিল। সে জমিতে ধান আর ঘরের চারপাশে সবজি ফলিয়ে ভালোই চলত দিনকাল। কিন্তু চার বছর ধরে এসব জমিতে ধান-সবজি ফলছে না। কারণ, পাহাড় থেকে নেমে আসা বালুতে জমি নষ্ট হয়ে গেছে। সংসার চালাতে তাই এখন বাধ্য হয়ে তিনি শ্রমিকের কাজ করছেন।
পাখি মিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ভারত-সীমান্তঘেঁষা চানপুর গ্রামে। তাঁর মতো গ্রামের অনেক মানুষই এখন আর জমিতে ধান ফলাতে পারেন না। ঢলের সঙ্গে নেমে আসা পাহাড় থেকে নেমে আসা বালুতে নষ্ট হয়ে গেছে সেই ফসলি জমি।
সরেজমিনে দেখা গেছে, বড়দল উত্তর ইউনিয়নের চানপুর, রজনীলাইন, রাজাই, মারাম, বুরুঙ্গামারা গ্রামের মানুষের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, বিজিবি ক্যাম্প, মসজিদের প্রাঙ্গণ, রাস্তাঘাটে বালুর আস্তর পড়েছে। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে ঢলের সঙ্গে নেমে আসছে এসব বালু। এই পাঁচ গ্রামের মানুষের জমি আছে পাশের খাইমারা, পচাশোল ও চুনখলা হাওরে। এসব পাহাড় থেকে ঢলের সঙ্গে বালু এসে পড়ছে হাওরের জমিতে। চানপুর গ্রামের আবুল খয়ের (৪৯) নিজের ঘরের আঙিনা থেকে বালু সরাচ্ছিলেন। তিনি বলেন, ‘এখন বৃষ্টি নাই। তাই কিছু বালু সরাচ্ছি। না হলে চলাফেরায় সমস্যা হয়।’ গ্রামের আবিদা বিবি (৫১) বলেন, ‘আমরা আগে ঘরের চারপাশে নানা রকমের সবজি লাগাইতাম। এখন সব জায়গাতেই বালু। কোনো কিছু হয় না।’
চানপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে বালুর স্তর। রাজাই গ্রামের বাসিন্দা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন বলেন, বালুতে ঢেকে গেছে বিদ্যালয়ের মাঠ। শিক্ষার্থীরা খেলাধুলা পর্যন্ত করতে পারে না। কয়েকজন শিক্ষার্থী বলেন, স্কুলের আঙিনায় তিন বছর আগেও কোনো বালু ছিল না। এখন বালুতে সব ঢেকে গেছে। সব সময় বাতাসে ধুলা-বালু উড়তে থাকে। এ জন্য তাদের সর্দি-কাশি লেগেই থাকে।
চানপুর বাজার কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, পাহাড় থেকে বালু এসে হাওরের জমি শেষ করে দিচ্ছে। ফসল হয় না, তাই লোকজন অন্য কাজ করে জীবন চালাচ্ছেন। বালুর আগ্রাসন মোকাবিলায় উদ্যোগ না নিলে একটা সময় এসে হাওরে আর ফসল হবে না। রজনীলাইন গ্রামের কৃষক হুমায়ুন কবির (২৫) বলেন, তাঁদের বাড়ি ছিলে গ্রামের উত্তর পাড়ায়। কিন্তু বাড়ির চারপাশে বেশি পরিমাণে বালুর স্তর পড়ায় চার বছর আগে সেখান থেকে গ্রামের মাঝহাটিতে গিয়ে বাড়ি করেন তাঁরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ২০০৮ সালের ২০ জুলাই গভীর রাতে চানপুর-রজনীলাইন গ্রামের মানুষ ভয়াবহ এক দুর্যোগের মুখোমুখি হন। সে রাতে প্রবল বর্ষণ ছিল। একসময় ভারতের মেঘালয় পাহাড়ের ‘কালোপাহাড়’ নামক স্থানে বিকট শব্দে পাহাড় ধসের ঘটনা ঘটে। প্রবল স্রোতের সঙ্গে নেমে আসে প্রচুর পরিমাণে বালু ও পাথর। এক রাতেই গ্রামের বাড়িঘরের আঙিনায় হাঁটুসমান বালুর স্তর জমে যায়। রাতের অন্ধকারে প্রাণ বাঁচাতে ছোটাছুটিতে কয়েকজন নারী-পুরুষ আহত হন। পরদিন উপজেলা প্রশাসন আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থাসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক ত্রাণসহায়তা দেয়। এরপর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা থেকে পরিবেশ অধিদপ্তরের লোকজন এলাকাটি পরিদর্শন করেন। তিনি বলেন, গত আট বছরে এলাকার প্রায় দুই হাজার একর জমি বালুতে নষ্ট হয়েছে। প্রতিবছরই বালু আসছে আর কমছে ফসলি জমি।
রাজাই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য এন্ড্রু সলমার বলেন, ‘আমাদের এলাকায় বর্ষাকালে এটি দুর্যোগে রূপ নেয়। আমি ২০১২ সালে ভারতে গিয়ে পাহাড়ের ওই স্থানটি দেখে এসেছি, সেখানে অপরিকল্পিতভাবে কয়লা উত্তোলন, পাহাড় ও গাছগাছালি কাটার ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের স্থানীয় ও উচ্চপর্যায়ে বারবার যোগাযোগ করেছি। কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে ওই এলাকা ঘুরে দেখে এসেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। প্রতিবছরই পাহাড়ি ঢলের সঙ্গে ওই এলাকায় প্রচুর পরিমাণে বালু নেমে আসে। তবে এলাকাবাসী যে পরিমাণ জমি নষ্ট হয়েছে বলে দাবি করছেন, সেটার পরিমাণ আরও কম হবে।’