পাহাড়ি ভাতা নিয়ে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের বৈষম্য
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে কর্মরত পার্বত্যাঞ্চলের বাসিন্দাদের পাহাড়ি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়ি ছাড়া পার্বত্য অঞ্চলে কর্মরত অন্যরা এই ভাতা পাবেন বলে ব্যাংকের পরিচালনা পর্ষদ বিধান প্রণয়ন করার পর গত বছরের ডিসেম্বর থেকে তা কার্যকর করা হয়েছে। অথচ ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের জাতীয় বেতন কাঠামো অনুযায়ী পার্বত্য এলাকায় কর্মরত সবার ওই ভাতা পাওয়ার কথা। ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের জাতীয় বেতনকাঠামোর ১৯ ধারায় পাহাড়ি ভাতা প্রসঙ্গে বলা হয়েছে, পার্বত্য জেলাগুলোতে কর্মরত সব কর্মকর্তা বা কর্মচারী মাসিক বেতনের ৩০ শতাংশ হারে সর্বোচ্চ তিন হাজার ও ১০ শতাংশ হারে সর্বোচ্চ এক হাজার টাকা ঝুঁকি ভাতা পাবেন। অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ এই বেতনকাঠামো অনুমোদনও করেছে। কিন্তু কাঠামো কার্যকর করার জন্য প্রণীত ‘কর্মচারী চাকরি প্রবিধানমালা’য় পাহাড়ি ও ঝুঁকি ভাতা পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দারা পাবেন না বলে উল্লেখ করা হয়েছে। গত বছরের ১০ নভেম্বর পরিচালনা পর্ষদ ওই প্রবিধানমালা অনুমোদন করে। এরপর থেকে তিন পার্বত্য জেলার অধিবাসী এমন কর্মকর্তা-কর্মচারীরা পাহাড়ি ও ঝুঁকি ভাতা পাচ্ছেন না।অগ্রণী ব্যাংকের বান্দরবান শাখার ব্যবস্থাপক নিবারণ তঞ্চঙ্গ্যা ও রাঙামাটি শাখার ব্যবস্থাপক নীলাঞ্জনা চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবিধানমালা অনুযায়ী ভাতা বন্ধ করে দেওয়ায় স্থায়ী বাসিন্দা, আদিবাসী ও বাঙালি কাউকে এটি দেওয়া হচ্ছে না। সমতলবাসী যাঁরা কর্মরত আছেন, তাঁদেরই ভাতা দেওয়া হচ্ছে। ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের কাছে এ বিষয়ে আবেদন করেছেন। মন্ত্রণালয়ের একজন উপসচিব বলেছেন, বিষয়টি অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, তিন পার্বত্য জেলায় অগ্রণী ব্যাংকের তিনটি শাখায় পার্বত্যাঞ্চলের স্থায়ী বাসিন্দা ৩০-৩৫ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বান্দরবান শাখার একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্য সব ব্যাংক সবাইকে পাহাড়ি ও ঝুঁকি ভাতা দিলেও অগ্রণী ব্যাংক বৈষম্য সৃষ্টি করে হীনম্মন্যতার পরিচয় দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন নারী কর্মচারি বলেন, ব্যাংকের জন্য দুই হাজার টাকা বেশি নয়। কিন্তু একজন কর্মচারির জন্য অনেক বেশী। তিনি প্রতি মাসে দুই হাজারের মতো পাহাড়ি ভাতা পেতেন। এখন ওই ভাতা বন্ধ হওয়ায় মারাত্মক সংকটে পড়েছেন। অথচ অন্য কোন ব্যাংকে এই বিধান করা হয়নি।সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) নূরুল ইসলাম জানান, পাহাড়ের মানুষকে পাহাড়ি ভাতা বা অন্য কোনো ভাতা বন্ধের আদেশ সোনালী ব্যাংকে দেওয়া হয়নি। সোনালী ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপক রফিকুল কাদের তালুকদার বলেছেন, তাদের কারও কোনো ভাতা বন্ধ করা হয়নি। বরং পাহাড়ি ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে বলে তারা শুনেছেন।অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) গোলাম মোস্তফা বিষয়টি স্বীকার করে বলেছেন, প্রবিধানমালা করার সময় হয়তো ভুল হয়েছে। যাঁদের ভাতা বন্ধ, তাঁরা যদি ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন করেন তা বিবেচনা করা হবে।