রাঙামাটির পুলিশ সুপারকে (এসপি) দিয়ে আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতর তদন্তে আদালতের দেওয়া আদেশ প্রত্যাখ্যান করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদসহ সাতটি সংগঠন। এর প্রতিবাদে ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠনগুলে গতকাল বিক্ষোভ ও সমাবেশ করেছে। আগামী রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। গতকাল গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া সংগঠনগুলো আগামীকাল শুক্রবার মিছিল করার ঘোষণা দিয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদন ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাঙামাটি: বিকেল তিনটার দিকে সদর উপজেলার কুতুকছড়ি বড় মহাপুরম উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে থেকে মিছিল শুরু হয়ে কুতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে। পরে ওই ফটকের সামনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শান্তি প্রভা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক তাপুমনি চাকমা। এর আগে বেলা আড়াইটার দিকে নানিয়ারচর উপজেলা সদরের বিশ্রামাগার মাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা ও নানিয়ারচর বাজার ঘুরে আবারও ওই মাঠে শেষ হয়। বাঘাইছড়ি (রাঙামাটি): বেলা তিনটার দিকে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি উপজেলা প্রশাসনের মাঠ থেকে শুরু হয়ে চৌমুহনী এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক অঙ্গদ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি আসেন্তু চাকমা প্রমুখ। খাগড়াছড়ি: বিকেলে খাগড়াছড়িতে মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম। খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার থেকে মিছিলটি সদর উপজেলা পরিষদ হয়ে চেঙ্গী স্কয়ারে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দীঘিনালা (খাগড়াছড়ি): হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম তাৎক্ষণিকভাবে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার লারমা স্কয়ারে সমাবেশ করে। এতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের সহসভাপতি জীবন চাকমা, জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উমেশ চাকমা, উপজেলা পিসিপির সভাপতি অংকন চাকমা প্রমুখ।কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। তিনি হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।