পাহাড়িদের প্রাণের উৎসব শুরু পাহাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের পাহাড়িদের প্রাণের উৎসব বৈসুক সাংগ্রাই বিজু, বিহু ও বিষু উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রথম পর্যায়ের উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল প্রধান দেবাশীষ রায়।

এ অনুষ্ঠানে চাকমা রাজা বলেন, এ উৎসবের মাধ্যমে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ তাদের সংস্কৃতি তুলে ধরতে পারবে। এ উৎসবে কোনো জাতিগোষ্ঠী যেন পিছিয়ে না থাকে, সে জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের অগ্রাধিকার দিতে হবে। উদ্বোধনের পরপরই নাচে-গানে মেতে ওঠেন চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, পাংখোসহ ১৩টি জাতিগোষ্ঠীর শিল্পীরা। নিজ নিজ জাতির ঐতিহ্যবাহী পোশাক পরে হাজির হন উৎসবে। নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতে এসব জাতির মানুষেরা তাদের ঐতিহ্যবাহী সরঞ্জাম, অলংকার, কারুকাজের জিনিস নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়।
উৎসবের উদ্বোধনী দিনে আলোচনা সভায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা সভাপতিত্বে বক্তব্য দেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ সদস্য সান্ত্বনা চাকমা, মুছা মাতব্বর প্রমুখ।
৯ এপ্রিল আদিবাসী ফোরামের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের বৈসাবী উৎসব শুরু হবে। ১৫ ও ১৬ এপ্রিল মারমাদের সাংগ্রাই উৎসবের জল খেলার মাধ্যমে পাহাড়ের উৎসব শেষ হবে।