পাহাড়িদের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় শাস্তি দাবি
যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন। গতকাল পৃথক বিবৃতিতে সংগঠনগুলো দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুড়িয়ে দেওয়া বাড়ি পুনর্নির্মাণ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে বলেন, এই হামলা প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি আছে কি না, তা তদন্ত হওয়া প্রয়োজন। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে বলেছে, এ ঘটনায় সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ী ব্যক্তিদের যথাযথ বিচারপ্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন করার দাবি করেছে।