পাহাড়িদের বাড়িঘরে আগুনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন স্থানীয় সাংসদ ঊষাতন তালুকদার। গতকাল সোমবার সংসদ অধিবেশন চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান। সেই সঙ্গে নিরাপত্তাহীনতা দূর করা ও পরিস্থিতি পর্যবেক্ষণে ওই এলাকায় একটি সংসদীয় দল পাঠানো এবং আক্রান্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

পাহাড়িদের ওপর আক্রমণের ঘটনাকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক দাবি করে ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা ও সাধারণ প্রশাসন জেলা পরিষদের হাতে হস্তান্তরসহ চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করলে পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসবে।

ঘটনার বর্ণনা দিয়ে সাংসদ বলেন, লংগদুতে যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনাকে পুঁজি করে মিছিলে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা ২১৮-২০টি বাড়িঘর, দোকানে আগুন দিয়েছে। সেখানকার লোকজন এখনো আশ্বস্ত হতে পারছেন না।