পাহাড়িদের বাড়িতে আগুনের ঘটনায় নিন্দা
রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, ‘বিএনপি পার্বত্য চট্টগ্রামের বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর হৃদ্যতাপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। একটি হত্যাকাণ্ডের দায় সন্দেহবশত একটা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দিয়ে হিংসাত্মক আক্রমণের ঘটনা কিছুতেই গ্রহণযোগ্য নয়। আমরা উপদ্রুত এলাকায় শান্তি ও আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দাবি জানাচ্ছি, ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।’
এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন প্রগতিশীল সংগঠনগুলোর নেতারা। পৃথক কর্মসূচি ও বিবৃতির মাধ্যমে দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানানো হয়।