পাহাড়ে আজ থেকে বৈসাবি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিষু। বাংলা পুরোনো বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিনটিতে আদিবাসীরা বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিষু উদ্যাপন করে। বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নামে উৎসবটি পালন করলেও সেগুলোর নামের আদ্যক্ষর নিয়ে একে ‘বৈসাবি’ নামে অভিহিত করা হয়।পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসাবি। উৎসবটির নাম সম্প্রদায়ভেদে ভিন্ন। তবে সবার উদ্যাপনরীতি ও সময় একই। ত্রিপুরা সম্প্রদায় বৈসুক, মারমারা সাংগ্রাই, চাকমারা বিঝু ও তঞ্চঙ্গ্যারা বিষু নামে উৎসবটি পালন করে।এদিকে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে উৎসব পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি উৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানানো হয়েছে।বৈচিত্র্যময় তিন দিন: আদিবাসীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উৎসবের নাম যেমন ভিন্ন, তেমনি উৎসবের তিনটি দিনের নামও আলাদা। ত্রিপুরারা উৎসবের প্রথম দিনকে হারি বৈসুক, দ্বিতীয় দিনকে বিসুমা ও তৃতীয় দিনকে বিসিকাতাল বলে। একইভাবে মারমারা সাংগ্রাই আকনিয়াহ্, সাংগ্রাই আক্রাইনিহ্ ও লাছাইংতার এবং চাকমারা ফুলবিঝু, মূলবিঝু ও গোজ্যেপোজ্যে দিন বলে।উৎসবের প্রথম দিনে ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার করা এবং ফুল দিয়ে সাজানো হয়। এদিন পাহাড়ি ছড়া, ঝরনা বা নদীতে ফুল ভাসিয়ে মা গঙ্গার পূজা করা হয়। এ ছাড়া পাড়ার তরুণ-তরুণীরা বৃদ্ধদের গোসল করিয়ে আশীর্বাদ নেয়। দল বেঁধে বুদ্ধমূর্তিগুলোকেও গোসল করানো হয়। উৎসবের দ্বিতীয় দিনে প্রতিটি বাড়িতে নানা মুখরোচক খাবারের আয়োজন করা হয়। ২০ থেকে ২৫ বা তারও বেশি আনাজপাতি দিয়ে তৈরি ‘পাজন’ এবং পাহাড়ি মদ দিয়ে অতিথিদের আপ্যায়িত করা হয়। তৃতীয় দিনে মন্দিরে গিয়ে নতুন বছরের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা বা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। উৎসবে চাকমাদের ‘বিঝু নৃত্য’, ত্রিপুরাদের ‘গরাইয়া নৃত্য’ ও মারমাদের ‘পানিখেলা’ অন্যতম আকর্ষণ।