পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বে দেড় বছরে ১৪ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গত দেড় বছরে ১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটেছে আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে প্রতিনিয়ত সংঘাত বাড়ছে।উপজেলার বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নাড়াইছড়িতে আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১০ সালের নভেম্বর থেকে ১৭ বারের বেশি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নাড়াইছড়ির ২০ গ্রামের আট শতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা এবং ২০ সেপ্টেম্বর ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ সন্তু পক্ষকে দায়ী করলেও তারা ঘটনা অস্বীকার করেছে।খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ এপ্রিল বড়াদম গ্রামে জেএসএস (এমএন-লারমা) পক্ষের সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমাকে গুলি করে হত্যা করা হয়। ১৭ মার্চ উল্টাছড়ি গ্রামের কার্বারি (গ্রামপ্রধান) রণজিৎ চাকমাকে অপহরণ করা হয়। এখনো তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। গত ১ জুলাই উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ২ নম্বর যৌথ খামার এলাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (এমএন-লারমা) পক্ষের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রীতি খিসাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ৮ জুলাই উপজেলার নারকেলবাগান এলাকায় একটি ছাত্রাবাসে গুলি চালালে রুবেল চাকমা (১৫), এসএসসি পরীক্ষার্থী কনক জ্যোতি চাকমা (১৭) ও পলাশ চাকমা (১৭) নামের তিন ছাত্র গুলিবিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীরা গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক আলো জীবন চাকমাকে গুলি করে হত্যার চেষ্টা করে।৯ জুলাই দুর্গম কাটারুংছড়ার মুখ এলাকায় সুসময় চাকমা (৩৪) ওরফে শিকাচ্যা নামের একজনকে অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়। ২৫ আগস্ট উপজেলার রাবার কারখানা এলাকার জ্যোতির পুকুর থেকে ভৈরফা নোয়াপাড়া গ্রামের কিপিন্দ্র ত্রিপুরার (২৫) গলিত লাশ উদ্ধার করা হয়। ২০ সেপ্টেম্বর কামাকুছড়া প্রণয় কার্বারিপাড়ায় সন্ত্রাসীরা গুলি করে বান্দরবান সদর থানার গুংগুরুপাড়ার বৈঠাং খিয়াং (১৮) এবং দীঘিনালার নৌকাছড়া গ্রামের রমেশ চাকমা (১৮) নামের দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করে। এ ছাড়া গত ২৩ এপ্রিল হাজাছড়া গ্রামের কৃষক নূর আলী ভূঁইয়াছড়ি এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন।২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি স্কুলছাত্র নূরুল আমিনকে (১৪) অপহরণের পর হত্যা করা হয়। ওই বছরের ৭ মার্চ ভৈরফা নোয়াপাড়া গ্রামের বাবলা চাকমাকে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়। ১৩ মে কামাকুছড়া এলাকার স্কুলছাত্রী সঞ্চরণীকা চাকমাকে (১১) ধর্ষণের পর হত্যা করা হয়। ১০ জুলাই সোবাহানপুর এলাকার গৃহবধূ জেসমিন আক্তারকে (২০) বিষ খাইয়ে, ২৪ জুলাই বাঁচা মেরুং এলাকার আমিনুল ইসলাম (১৮) ও ১৩ সেপ্টেম্বর গবিন্দ কার্বারিপাড়া এলাকার বিমল চাকমাকে (৪২) গলা কেটে হত্যা করা হয়। ১৩ ডিসেম্বর কবাখালী এলাকার আবদুস ছাত্তার (২৩) বাঘাইছড়িতে গিয়ে খুন হন। ১৪ ডিসেম্বর হাজাছড়া জোড়াব্রিজ এলাকার চিগোন মিলা চাকমাকে (৪৮) হত্যা করা হয়।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামপ্রধান ও স্থানীয় আদিবাসী জানান, তাঁরা ভয়, আতঙ্ক ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছেন। দিন দিন সংঘাত বাড়ার কারণে তাঁদের মধ্যে আতঙ্ক বাড়ছে।বাবুছড়া এলাকার কয়েকজন আদিবাসী জানান, নাড়াইছড়িতে দুই পক্ষের আধিপত্য বিস্তার ও বন্দুকযুদ্ধের কারণে প্রায় সময় খাদ্যসংকট দেখা দেয়। গত ১৪ জুলাই থেকে নৌযান বন্ধ থাকার পর ২৩ জুলাই সেনাবাহিনীর প্রহরায় নাড়াইছড়িতে খাদ্যসামগ্রী পৌঁছায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খাদ্যসামগ্রী না পৌঁছালে তাঁরা খাদ্যসংকটে না খেয়ে মারা যেত।ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা অভিযোগ করেন, ‘সন্তু লারমা পক্ষ ইউপিডিএফের গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করতে বারবার ইউপিডিএফ নেতা-কর্মীদের হত্যা করছে। আমাদের নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণ করছে।’ জনসংহতি সমিতি (এমএন-লারমা) পক্ষের সভাপতি প্রীতিময় চাকমা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় বলেন, ‘সন্তু লারমা পক্ষ আমাদের দেখলেই যেন গুলি করে। সন্তু পক্ষ আমাদের কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করেছে।’জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ইউপিডিএফ ও জেএসএস (লারমা পক্ষের) অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হত্যাকাণ্ড ও গুলিবর্ষণের সঙ্গে সন্তু পক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হত্যাকাণ্ডগুলো ঘটেছে।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফের মধ্যে কয়েক দফা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। দীঘিনালার অধিকাংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের দ্বন্দ্বের কারণে। হত্যাকাণ্ডের ঘটনায় তারা মামলা করতেও আগ্রহী হয় না।