বাঙালি এক পুরুষ ও আদিবাসী এক নারীকে হত্যার ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার দুই পক্ষের পৃথক হামলায় আহত হয়েছে অন্তত ২০ জন।উদ্ভূত পরিস্থিতিতে বাঘাইছড়িতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুটি উপজেলায় পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।নিহত দুজন হলেন দীঘিনালার কবাখালী গ্রামের আবদুস সাত্তার (৩০) ও কেঙেরিমাছড়া গ্রামের চিগোনমিলে চাকমা (৪৭)। বাঙালিদের হামলায় চিগোনমিলের স্বামী জিতেন চাকমাও আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলের চালক আবদুস সাত্তার গত মঙ্গলবার দীঘিনালা থেকে দুই যাত্রী নিয়ে পাশের বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের ভক্তপাড়া এলাকায় আসেন। কিন্তু মোটরসাইকেলসহ নিখোঁজ হন তিনি। গতকাল সকালে ভক্তপাড়া ও বাঙালিপাড়ার মাঝামাঝি একটি জঙ্গলে সাত্তারের হাত-পা বাঁধা লাশ দেখা যায়। লাশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাঙালিরা।ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল হক, বিজিবির মারিশ্যা অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনির হাসান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম উদ্দিনসহ কয়েকজন গণমাধ্যমকর্মী।উপজেলা চেয়ারম্যান অভিযোগ করেন, ঘটনাস্থলে যাওয়ার পর বাঙালিরা তাঁদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় সরকারি কর্মকর্তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও বাঙালিরা তা মানেনি। প্রাণ বাঁচাতে তাঁরা জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যান। এ সময় একটি খাদে পড়ে উপজেলার ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা আহত হন।এ ঘটনার পর বেলা ১১টার দিকে বাঙালিরা সাত্তারের লাশ নিয়ে উত্তেজনাকর স্লোগান দিয়ে বাঘাইছড়ি সদরের চৌমুহনীতে যায়। সেখানে আদিবাসীদের ওপর হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির কর্মকর্তা মুনির হাসান চার-পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গুলির শব্দ শুনে বাঙালিরা ছত্রভঙ্গ হয়ে উপজেলার বিভিন্ন কার্যালয়ে গিয়ে আদিবাসীদের খুঁজতে থাকে। ওই সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক মুকুট ত্রিপুরা তাঁর কার্যালয়ে কাজ করছিলেন। কয়েকজন বাঙালি ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তারা সোনালী ব্যাংকের বাঘাইছড়ি শাখায় ঢুকে ব্যবস্থাপক শশাঙ্ক চাকমাকে মারধর করে।আহত সুজন চাকমাসহ অন্য আদিবাসীরা অভিযোগ করেন, গতকাল ছিল বাঘাইছড়ির মারিশ্যা বাজারের হাটের দিন। বাজার থেকে ফেরার পথে বাঙালিরা আদিবাসীদের মারধর করে।এদিকে, আবদুস সাত্তারের মৃত্যুর খবরে বাঘাইছড়ির মতো দীঘিনালার কবাখালীতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।নিহত চিগোনমিলে চাকমার ছেলে বিজয় বিকাশ চাকমা বলেন, তাঁর ভাইয়ের চিকিৎসা শেষে গতকাল দুপুরে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁদের পরিবারের চার সদস্য একটি জিপ গাড়িতে করে কেঙেরিমাছড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। জিপটি কবাখালী পৌঁছালে একদল বাঙালি তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর মা চিগোনমিল চাকমা ও বাবা জিতেন চাকমা গুরুতর আহত হন। খাগড়াছড়ি হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁর মাকে মৃত ঘোষণা করেন।এদিকে, বিকেল পাঁচটার দিকে দীঘিনালার নারকেলবাগান এলাকায় কয়েকজন আদিবাসী যুবকের হামলায় ইজিবাইকের যাত্রী চার বাঙালি আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এসব ঘটনায় বিকেলে সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন মাঠে শান্তি-শৃঙ্খলা সভা হয়েছে। তবে সভায় আদিবাসীরা যায়নি বলে জানা গেছে।বাঘাইছড়ির ইউএনও মো. সাজেদুল হক বলেন, উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে।