পাহাড়ে আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবির (বৈসু, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু) প্রথম দিন শুরু হয়।চাকমা সার্কেলের প্রধান ও জাতিসংঘ আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান রাঙামাটি রাজবন বিহারের পূর্বঘাটে সকাল সাড়ে ছয়টায় কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে দিনের সূচনা করেন। এ সময় রাজা দেবাশীষ রায় ‘ফুল বিঝু’র তাৎপর্য তুলে ধরে আদিবাসীসহ সব সমপ্রদায়ের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে। তিনি বলেন, পুরোনো বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতা মুছে যাক; নতুন বছর নতুন উৎসাহ-উদ্দীপনা ও সাফল্য আনুক সবার মাঝে। আরও বক্তব্য দেন আদিবাসী নারী আন্দোলনের নেত্রী মাধবীলতা চাকমা এবং এম এন লারমা ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা।একইভাবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে দলবেঁধে ফুল ভাসানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে ভোরে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন ফুল দিয়ে বাড়ি সাজায় আর বয়স্করা বাড়ির আঙিনা পরিষ্কার করেন।ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটির গর্জনতলীতে নদীতে ফুল ভাসানোর পর নদী থেকে পানি তুলে বুড়োবুড়িদের গোসল করানো ও নতুন কাপড় পরানো হয়। এরপর ফাউন্ডেশন প্রাঙ্গণে ত্রিপুরা সমপ্রদায়ের ঐতিহ্যবাহী বোতলনৃত্য পরিবেশন ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।রাঙামাটির বাঘাইছড়িতে সকালে বাবুপাড়া থেকে শোভাযাত্রার মাধ্যমে কাচালং নদীতে গিয়ে ফুল ভাসানো হয়। বাবুপাড়ায় দিনব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়।বান্দরবান জেলায় বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন হয়। সরকারি-বেসরকারি সহযোগিতায় বৈসাবি বা সাংগ্রাই উদ্যাপন পরিষদের উদ্যোগে প্রথম আদিবাসী ব্যানারে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। ঐতিহাসিক রাজবাড়ি মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈচিং এমপি। জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারও এতে অংশ নেন। খাগড়াছড়ি সদরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বের করা হয় শোভাযাত্রা। প্রগতিশীল মারমা ছাত্র সংসদ শহরের গোলাবাড়ী এলাকার খাগড়াছড়ি সরকারি মহিলা প্রাঙ্গণে আয়োজন করে মারমা সমপ্রদায়ের ঐতিহ্যবাহী পানিখেলা। এ ছাড়া মারমা সংসদ পানখাইয়াপাড়া বটতলায় আয়োজন করে আদিবাসী খেলাধুলা।খাগড়াছড়ির দীঘিনালায় সকাল নয়টায় বৈসাবি উদ্যাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমার নেতৃত্বে দুই শতাধিক যানবাহন নিয়ে উপজেলার লারমা স্কয়ার থেকে বাবুছড়া পর্যন্ত মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। এ সময় ত্রিপুরা সমপ্রদায়ের ঐতিহ্যবাহী গরাইয়া নৃত্য ও চাকমা সমপ্রদায়ের রাধামন ধনপুদির প্রেমকাহিনি নিয়ে রচিত পালাগান পরিবেশন করা হয়। পানছড়ি উপজেলায় স্থানীয় মহামুনি বৌদ্ধ বিহার থেকে বাজার পর্যন্ত আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর পানছড়ি কলেজ মাঠে আয়োজন করা হয় ত্রিপুরা সমপ্রদায়ের গরাইয়া নৃত্য ও সাঁওতাল নৃত্য এবং আদিবাসীদের ঐতিহ্যবাহী খেলাধুলা। (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি, খাগড়াছড়ি, বাঘাইছড়ি, দীঘিনালা ও পানছড়ি প্রতিনিধি)।