পাহাড়ে আলোর দিশারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার বাঘাইছড়ি মূখ এলাকায় প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন প্রতিবন্ধী, গরিব ও দুস্থরা l ছবি: প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালার বাঘাইছড়ি মূখ এলাকায় প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন প্রতিবন্ধী, গরিব ও দুস্থরা l ছবি: প্রথম আলো

জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল মনে। ট্রেনে কাটা পড়ে দুই পা হারান। থেমে যায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন। শরীরের কাছে সেবার হেরে গেলেও মনোবল কিন্তু হারাননি মোটেই। নিজের ও সমাজের প্রতিবন্ধকতা ঘোচাতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন। পাহাড়ে গ্রামে গ্রামে ঘুরে প্রতিবন্ধীদের জোগাড় করেন। তাঁদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।
শুরু হয় প্রতিবন্ধীদের প্রতিযোগী হিসেবে গড়ে তোলার যুদ্ধ। শয়ে শয়ে প্রতিবন্ধীকে পরম মমতায় সংগীত, চারুকলা, কম্পিউটার, তাঁতের কাজ শেখানো শুরু করেন তিনি। বিশাল এ কর্মযজ্ঞ করতে গিয়ে দাঁড় করান একটি প্রতিষ্ঠান। নাম দেন কনসার্ন সার্ভিসেস ফর ডিজঅ্যাবল (সিএসডি)। সিএসডির কর্ণধার, স্বপ্নবান এই মানুষটির নাম বিশ্বজিৎ গুপ্ত (৪২)। বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীর হাটে।
শুরুর কথা: ১৯৮৮ সালের ২২ ডিসেম্বর সকাল নয়টা। ক্রিকেটের অনুশীলন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হন বিশ্বজিৎ। উদ্দেশ্য, ফতোয়াবাদ জংশনে শাটল ট্রেন ধরবেন। জংশনে যেতে যেতে ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুই পা চলে যায় ট্রেনের নিচে। দুটি পা-ই কাটা পড়ে। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (সম্মান) পাস করে বের হন। দুর্ঘটনার বছর দশেক পর হাটহাজারী উপজেলার নন্দীর হাটের গুপ্তপাড়ায় নিজের আট শতক জমির ওপর গড়ে তোলেন সিএসডি। আর দীঘিনালায় এর কার্যক্রম শুরু হয় ২০১৩ সালের ডিসেম্বরে।
কাজের পরিধি: কারিগরি প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও হুইলচেয়ার বিতরণসহ প্রতিবন্ধীদের জন্য বিশ্বজিৎ একের পর এক কর্মসূচি নিয়েছেন। গ্রামে গ্রামে গিয়ে প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের সহায়তা করেছেন। ৬৫ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেছেন। কৃত্রিম পা সংযোজন করে দিয়েছেন নয়জনকে। ক্রাচ দিয়েছেন ১৫ জনকে। প্রতিবন্ধী ও দুস্থ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন।

বিশ্বজিৎ গুপ্ত
বিশ্বজিৎ গুপ্ত


দীঘিনালার বাঘাইছড়ি মূখ এলাকায় সিএসডির মাধ্যমে প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। এখানে কম্পিউটার, সেলাই ও তাঁত প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া রয়েছে চারুকলা ও গান শেখানোর ব্যবস্থা। আবাসিক এই প্রতিষ্ঠানে প্রতিবন্ধীসহ গরিব ও দুস্থ পরিবারের সাড়ে তিন শ ছেলেমেয়ে কাজ শিখছে।
হাটহাজারীর রঙ্গীপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের (২১) এক পা নেই। ২০১২ সাল থেকে দেড় বছর সিএসডি থেকে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে হাটহাজারী শহরের একটি টেইলার্সে মাসে সাত হাজার টাকা বেতনে চাকরি করছেন।
সরেজমিনে একদিন: গত ১৯ মে উপজেলার বাঘাইছড়ির মূখ এলাকায় গিয়ে দেখা যায়, সিএসডির বিশাল কর্মযজ্ঞ। কেউ মেশিনে সেলাইয়ের কাজ করছেন। কেউ হাতে সেলাইয়ের কাজ শিখছেন। কেউ কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষক তাঁতযন্ত্রে গামছা বুনছেন, পাশে বসে শিখছেন কয়েকজন। বিশ্বজিৎ ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে কাজের তদারকি করছেন। তিনি বলেন, ‘আমি সংসারের মায়াজালে জড়াইনি। একটিই কারণ, যদি স্বার্থপর হয়ে যাই। আমার প্রতিবন্ধী সন্তানদের দেখব কে?’
বিশিষ্টজনদের কথা: বিশ্বজিতের প্রতিষ্ঠানের নামকরণ করেছেন স্থানীয় সরকার বিষেশজ্ঞ তোফায়েল আহম্মেদ। তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী ও অসহায় দরিদ্রদের জন্য খুব ভালো কাজ করছে।
ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ গত ১৭ ফেব্রুয়ারি সিএসডির কার্যক্রম ঘুরে দেখে মন্তব্য করেন, ‘আমি বিশ্বজিতের মুখে শুনেছিলাম পার্বত্য এলাকায় প্রতিবন্ধীদের জন্য একটি প্রতিষ্ঠান খোলার কথা। কিন্তু এত বড় প্রতিষ্ঠান যে খুলেছেন, তা আমার জানা ছিল না। অল্প সময়ের মধ্যে এত বড় একটি প্রতিষ্ঠান গড়ে তোলা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রবল বিশ্বাস, প্রতিষ্ঠানটি দীর্ঘস্থায়ী হবে।’