পাহাড়ে উৎসবের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ে ঐতিহ্যবাহী ফুল বিজু। কাপ্তাই হ্রদে ফুল ভাসাতে দলবেঁধে নারী-পুরুষ-শিশু ও তরুণীরা। গতকাল সকালে রাঙামাটির রাঙ্গাপানি গ্রামের হাধাংজি বিলে
ছবি: সুপ্রিয় চাকমা

নদী, হ্রদ ও পাহাড়ি ছড়ায় ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে প্রাণের উৎসব বৈসাবি। গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারী-পুরুষ মেতে ওঠেন ঐতিহ্যবাহী উৎসবে। ফুল ভাসানো ছাড়াও প্রদীপ প্রজ্বালন এবং সুখ–শান্তি কামনায় প্রার্থনার মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন তাঁরা।

বৈসাবি উৎসবের রং ছড়িয়ে পড়েছে তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের কাছে উৎসবটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসুক, মারমারা সাংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু ও চাক, ম্রো ও খুমিরা চাংক্রান নামে উৎসবটি উদ্‌যাপন করে। সমতলের লোকজনের কাছে এই উৎসব বৈসাবি নামে পরিচিত।

গতকাল সকাল সাড়ে ছয়টায় রাঙামাটি শহরের রাজবন বিহার ঘাটে হ্রদে ফুল ভাসানোর উৎসব হয়। এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উদ্‌যাপন কমিটি ফুল ভাসানো উৎসবের আয়োজন করে। উৎসবে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোর, তরুণীসহ সব বয়সের মানুষ ফুল নিয়ে রাজবন বিহার ঘাটে ভিড় করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব এলাকা মুখর হয়ে ওঠে। কলাপাতায় ফুল রেখে নতুন বছরের সুখ–শান্তির জন্য প্রার্থনা করেন তাঁরা।

রাজবন বিহার ঘাটের পাশাপাশি কাপ্তাই হ্রদের বালুচর, পলওয়েল পার্ক এলাকা, তবলছড়ি, আসাম বস্তি, বনরূপা এলাকায়ও স্থানীয় নারীরা ফুল ভাসান। এ ছাড়া বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী ইউনিয়নের করেঙ্গাতলী উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোত মালিক সমিতির উদ্যোগে ফুল ভাসানো উৎসবের আয়োজন করা হয়। বাঘাইছড়ি কাট্টলী বালুঘাট এলাকায় শত শত নারী-পুরুষ কাচালং নদীতে ফুল ভাসান।

খাগড়াছড়ির পানছড়ি রাবার ড্যাম, চেঙ্গী নদী ও মাইনী নদীসহ বিভিন্ন স্থানে পাহাড়ি নারী-পুরুষ ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন। পানছড়ি রাবার ড্যামে ফুল ভাসাতে আসেন আট কিলোমিটার দূরের পুজগাং এলাকার অন্তরা চাকমা (৬২)। তিনি বলেন, ‘কষ্ট করে হলেও দূর থেকে এসেছি মনের শান্তির জন্য। করোনার দুই বছর ফুল বিজুতে চেঙ্গী নদীতে আসা হয়নি। পৃথিবী যাতে পুরোপুরি করোনামুক্ত হয়, বুদ্ধের কাছে সেই প্রার্থনা করলাম প্রাণভরে।’

উৎসবের প্রথম দিন চাকমা, মারমা আর ত্রিপুরারা বিজু ফুল বা ভাতজোড়া ফুল দিয়ে ঘর সাজিয়েছেন। বয়োজ্যেষ্ঠরা বাড়িঘর ও আঙিনায় সোনা–রুপার পানি দিয়ে আসবাব পরিষ্কার করেছেন।

উৎসব উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়।

বান্দরবানে ছিল চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরাদের ফুলবিজু। তাঁরা সাঙ্গু নদে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় জানান। আজ বুধবার মূল বিজুতে ঘরে ঘরে পাঁজন রান্না হবে। আগামীকাল বৃহস্পতিবার গজ্জ্যাপজ্জ্যা দিন। এর মধ্য দিয়ে শেষ হবে বিজু উৎসব।

মারমা পঞ্জিকা অনুযায়ী মারমাসহ অন্যান্য জনগোষ্ঠীর সাংগ্রাইং উৎসব শুরু হবে আজ। মারমার পাশাপাশি ম্রো , খুমি, খেয়াং ও চাক জনগোষ্ঠীর মহাসাংগ্রাইং পোয়ে বা মহাসাংগ্রাইং উৎসব শুরু হবে। সাংগ্রাইং পোয়ের শুরুতে সকাল সাড়ে আটটায় জেলা শহরের রাজবাড়ি মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।