পাহাড়ে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের আমেজ শুরু
পাহাড়ে ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাই-বিজুর (বৈসাবি) উৎসবের আমেজ শুরু হয়েছে। আদিবাসী গ্রামে গ্রামে চলছে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা, নানা আয়োজন। এর পাশাপাশি জেলা প্রশাসন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি পৃথক পৃথক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিচ্ছে।ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি বৈসাবি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত উৎসবে সুতাকাটা, বেইন বোনাসহ (আদিবাসীদের কোমড় তাঁত) আদিবাসী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। আনুষ্ঠানিকভাবে বৈসাবি উৎসব শুরু হবে ১২ এপ্রিল। শেষ হবে ১৪ এপ্রিল।বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষকে ঘিরে পাহাড়ের আদিবাসীদের এ ঐতিহ্যবাহী উৎসব চলে। ত্রিপুরা ভাষায় এ উৎসবকে বৈসু, মারমা ভাষায় সাংগ্রাই ও চাকমা ভাষায় বিজু বলা হয়। এ তিনটি উৎসবের নাম একত্র করে বৈসাবি শব্দটির উৎপত্তি।খাগড়াছড়ি জেলা প্রশাসনও বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসব উদ্যাপন করবে। এ উপলক্ষে ৫ এপ্রিল জেলা প্রশাসক মো. আনিস উল হক ভুঁইয়ার সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা হয়েছে।খাগড়াপুড়ের সালকাতাল ক্লাবের বৈসু উদ্যাপন কমিটির সদস্যসচিব কৈলাশ ত্রিপুরা জানান, বৈসু উপলক্ষে তাঁরা নানা খেলাধুলার আয়োজন করছেন। অনুষ্ঠানে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলা সুকৈ, ওয়া কড়াই দৌড়, তক্ক ও চেচৌং খেলা রয়েছে।মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে সাংগ্রাই উৎসবে ড্-খেলা, আলের/খুয্যাং খেলা অনুষ্ঠিত হবে। সাংগ্রাই উদ্যাপন কমিটির সদস্য নিয়ং মারমা জানান, সাংগ্রাই উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করলেও তা সীমিত আকারে করা হচ্ছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ‘ঐতিহ্যবাহী সাংগ্রাইকে যেমন বাদ দিতে পারি না, তেমনি এ উৎসব নিয়ে বেশি মত্তও থাকা যায় না। পাহাড়ের আদিবাসীদের ভূমি বেদখল অব্যাহত রয়েছে, তার ওপর সরকার সংবিধানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে অভিহিত করে আরও অপমানিত করার পাঁয়তারা করছে। এমন পরিস্থিতিতে আমরা উৎসব করার মানসিকতা হারিয়ে ফেলছি।’গিরিফুল বিজু উদ্যাপন কমিটির সদস্য নিউটন চাকমা জানান, গ্রামের প্রতিটি ঘরের সদস্যদের অংশগ্রহণে বিজু উৎসবে খেলাধুলার আয়োজন করা হয়েছে। প্রতিটি ঘর থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত খেলাধুলা চলবে।এদিকে বৈসাবি সম্মিলিত উদ্যাপন কমিটি ১৪১৭ ১১ এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। উদ্যাপন কমিটির সদস্যসচিব মিলন দেওয়ান জানান, ‘আমরা চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পড়ে সে দিনের শোভাযাত্রায় অংশ নেওয়ার।