পাহাড়ে কঠিন চীবর দান উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘদান, অষ্ট পরিষ্কার দান, চীবর ও কল্পতরু শোভাযাত্রা, আকাশে ফানুস ওড়ানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে বৌদ্ধদের মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব।খাগড়াছড়ির আলুটিলায় অবস্থিত আলোক নবগ্রহ ধাতু চৈত্য বিহারে গতকাল চীবরদান অনুষ্ঠান উপলেক্ষ্য আলুটিলার পর্যটন কেন্দ্রসহ বিহার প্রাঙ্গন আদিবাসী-বাঙালীদের মিলন মেলায় পরিণত হয়। সকালে ছিলো পঞ্চশীল প্রার্থনা, সংঘদান ও বুদ্ধমূর্তি দান এবং বিকালে অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান ও ধর্মসভা। ধর্মসভায় বক্তব্য রাখেন শ্রীমৎ চন্দ্রমনি মহাস্থবির, শ্রীমৎ দীনবংশ মহাস্থবির।বৌদ্ধ ধর্মবিশ্বাস অনুযায়ী আড়াই হাজার বছর আগে বিশাখা ২৪ ঘন্টার মধ্যে চীবর (বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) তৈরি করে বুদ্ধকে দান করেন। সেই ঘটনা অনুসরণে বৌদ্ধ ধর্মালম্বীরা প্রতিবছর চীবর দান উৎসব পালন করে। এ দানের বৈশিষ্ট হলো ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সূতা তৈরী, রং করা ও সেলাই করে বৌদ্ধ ভিক্ষুকে দান করতে হয়। তাই এই দানকে কঠিন চীবর দান বলা হয়। প্রতি বছর প্রবারণা পূর্ণিমা (ভাদ্র মাসে পূর্ণিমা) থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী এই উৎসব উদ্যাপন করা হয়।খাগড়াছড়িতে ধর্মপুর আর্য বন বিহার, পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির, দিঘীনালা বন বিহার, বাবুছড়ার সাধনা টিলা বন বিহার ও আলুটিলা আলোক নবগ্রহ ধাতু চৈত্য বিহারে সবচেয়ে বেশী পূর্ণ্যার্থীদের সমাগম ঘটে। এসব অনুষ্ঠানে হাজার হাজার পূর্ণ্যার্থী অংশগ্রহণ করেন।কক্সবাজারের রামুতে গতকাল উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহার ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে এ উৎসব অনুষ্টিত হয়। আদিবাসী রাখাইন সমপ্রদায়সহ হাজারো নর-নারীর অংশ্রহনে এ উৎসব মিলন মেলায় পরিণত হয়। এখানেও সকালে সংঘদান ও অষ্টপরিষ্কার দান, ধর্মসভা, বিকালে চীবর ও কল্পতরু শোভাযাত্রা, ধর্মসভা এবং আকাশে ফানুস ওড়ানো হয়।উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারে উৎসবে সভাপতিত্ব করেন দক্ষিন চট্রগ্রামের বৌদ্ধদের সবোর্চ্চ ধর্মীয় গুরু ও রামু সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্য প্রিয় মহাথের।