পাহাড়ে চাষির হাসি আগাম কাঁঠাল
রাঙামাটিতে কাঁঠালের আগাম ফলন চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। এসব কাঁঠাল বাজারে বিক্রিও হচ্ছে ভালো দামে।চাষিরা জানান, এখন কাঁঠালের আগাম ফলনের মৌসুম চলছে। এসব কাঁঠাল সচরাচর পাকানো হয় না। প্রায় সব কাঁঠালই কচি অবস্থায় বাজারে বিক্রি করা হয়। জানা গেছে, কচি কাঁঠাল আদিবাসীসহ স্থানীয় লোকজনের খুব প্রিয় খাবার। এসব কাঁঠালের ওপরের অংশ ফেলে শুঁটকি দিয়ে রান্না করে আদিবাসীরা। এ কারণে আগাম কাঁঠাল ভালো দামে বিক্রি হচ্ছে।গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরের বনরূপা বাজার ঘুরে দেখা গেছে, কচি কাঁঠাল আয়তন ভেদে ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের ব্যবসায়ী সোনাধন চাকমা (৩২) জানান, বিভিন্ন গ্রাম থেকে চাষিরা এসব কাঁঠাল নিয়ে আসেন। প্রতিটি কাঁঠাল থেকে তাঁদের ৫ থেকে ১০ টাকা লাভ হচ্ছে।রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের নাড়েইছড়ি গ্রামের সুশীল চাকমা (৫৫) জানান, তাঁর বাগানে প্রায় ৬০টি কাঁঠালগাছ আছে। এর মধ্যে দুটি বারোমাসি গাছ। এসব গাছে সারা বছর কাঁঠাল ধরে। তিনটি গাছ আগাম ফলন দেয়। গাছগুলো থেকে বাড়িতে বসে বছরে ৮ থেকে ১০ হাজার টাকা আয় করেন তিনি। এ বছর কাঁঠালের দাম বেশি হওয়ায় আরও বেশি আয় হবে বলে আশা করছেন।রাঙামাটি পৌরসভার ভেদভেদী এলাকার শুক্রধন চাকমা (৫৭) জানান, আগাম ফলন দেওয়া কাঁঠালগাছের সংখ্যা এখন কিছুটা বাড়ছে বলে তাঁর ধারণা। তবে বারোমাসি গাছের সংখ্যা কমছে।রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, ২০১০-২০১১ সালে দুই হাজার ৭৫০ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। প্রতি হেক্টরে কাঁঠাল উৎপাদিত হয় ২৭ মেট্রিক টন।রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক উপপরিচালক কাজল তালুকদারের তথ্যমতে, স্থানীয় দেশি কাঁঠালের মধ্যে দুটি জাত রয়েছে। এর মধ্যে যেসব গাছে দীর্ঘ সময় বা আগাম ফলন হয়, সেগুলোকে আগাম জাত বলা হয়। আর যেসব গাছে নির্দিষ্ট সময়ে ফলন হয়, সেগুলোকে বলা হয় নাবি জাত। বছর খানেক আগে ঢাকা কৃষি গবেষণাগারে দীর্ঘদিন ফলন দেওয়া কাঁঠালের বীজ নেওয়া হয়েছে। এখন সেখানে গবেষণা চলছে বলে তিনি জানান।চাষিদের উদ্ধৃতি দিয়ে রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা পবন কুমার চাকমা জানান, বারোমাসি কাঁঠালের বীজ থেকে জন্মানো গাছেই যে ১২ মাস ফল ধরবে, এর কোনো নিশ্চয়তা নেই। তাঁরা অনেক চেষ্টা করেও তা করতে পারেননি। তবে কলমের ব্যবস্থা করা গেলে সাফল্য আসতে পারে বলে তিনি মনে করেন।