পাহাড়ে জুমের হাসি
পাহাড়ে জুমের ধান সোনালি রং ধারণ করেছে। বেড়ে গেছে চাষিদের ব্যস্ততা। বৃষ্টির ফাঁকে ফাঁকে ধান তুলতে ব্যর্থ হলে পুরো ফসলই মাঠে মারা যাবে। এ বছর জুমের ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে দেখা দিয়েছে খুশির ঝিলিক।খাগড়াছড়ি সদরের আলুটিলা পাহাড়, দীঘিনালা সড়কের পাঁচ মাইল, ১৩ নম্বর প্রকল্প এলাকার আরাধনপাড়া, কামিনীপাড়া ঘুরে দেখা গেছে, জুমচাষিরা ধান তুলতে মহাব্যস্ত। অনেকে ধান মাড়াইয়ের কাজ করছেন।দীঘিনালা সড়কের পাঁচ মাইল এলাকার কামিনীপাড়ার জুমচাষি বিষ্ণুচরণ ত্রিপুরা জানান, তিনি এ বছর তিন আড়ি (৩০ কেজি) মালতি ধান জুমে রোপণ করেছিলেন। ফলন পাবেন আনুমানিক ৮০০ থেকে ৯০০ কেজি। ধানের আগে জুম থেকে তিনি মারফা (শসা) তুলেছেন পাঁচ মণ। এ ছাড়া ঢ্যাঁড়স, বরবটি, বেগুন, মরিচসহ অনেক সবজি তুলে বিক্রি করেছেন। ধানের পর তিনি জুম থেকে তুলবেন তিল, তুলা, কাউন এবং সবশেষে কলা ও হলুদ। তিনি আরও জানান, এ বছর জুমে (ধানের সঙ্গে) ১০০টি কলার চারা রোপণ করেছেন। একই গ্রামের করেন কুমার ত্রিপুরা জানান, অনেক জুমচাষি জুম পরিষ্কারের সময় আগাছানাশক ব্যবহার করলেও তিনি তা করেননি। তিনি জুমে কীটনাশকের পরিবর্তে ছাই ব্যবহার করেছেন।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী উষাতন চাকমা জানান, কৃষি গবেষণাকেন্দ্র থেকে জুমচাষিদের এবার ১০ প্রকার ধানের বীজ সরবরাহ করা হয়েছে।