পাহাড়ে ঝুঁকি নিয়ে ১২ হাজার মানুষের বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে তিন হাজার ভূমিহীন পরিবারের অন্তত সাড়ে ১২ হাজার মানুষ। এ তথ্য উপজেলা পরিসংখ্যান দপ্তরের। তবে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি হবে বলে স্থানীয় লোকজন বলছেন। প্রতিবছর বর্ষা এলে পাহাড়ে বাস করা এসব লোকজন আতঙ্কে থাকে। সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে দুজন প্রাণ হারায়।
অভিযোগ উঠেছে, পাহাড় ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলা এসব লোকজনকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ প্রশাসন নিচ্ছে না। কেবল ভারী বৃষ্টি শুরু হলে উপজেলা প্রশাসন মাইকিং করেই দায় সারে।
উপজেলার বারৈয়ারঢালা, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী ইউনিয়নের পাশপাশি সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে উঠেছে।
কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছে ৩৪০টি পরিবার। এর মধ্যে ৪৮টি পরিবার অতিঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব পরিবারকে সমতলে পুনর্বাসন করা দরকার। অব্যবহৃত ও খাসজমিতে তাদের পুনর্বাসনের চেষ্টা করবেন বলে তিনি জানান।
সবচেয়ে বেশি পরিবার থাকে ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর গ্রামের পাহাড়ে। ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ বলেন, কয়েক বছর ধরে চেষ্টা করেও তিনি ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করতে পারেননি।
সরেজমিনে চারটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পাহাড়ের ঢাল কেটে টিন, শণ ও বাঁশ দিয়ে ছোট ছোট ঘর নির্মাণ করে সেখানে পরিবার নিয়ে থাকছে লোকজন। আবার কোথাও মাটির দেয়াল দিয়ে ঘরে তৈরি করে থাকছে অনেকে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্র জানায়, বারৈয়ারঢালা ইউনিয়ন, পৌরসভা, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী ও ছলিমপুর ইউনিয়নের পাহাড়ে ৯৭৩ জন ত্রিপুরা, ১২৬ জন চাকমা, ১৫০ জন মারমা, অন্য নৃগোষ্ঠীর ১৭০ জন বাস করছে। এর বাইরে ২ হাজার ৬৯৫টি ভূমিহীন বাঙালি পরিবারও পাহাড়ে বাস করছে।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১১ সালের পর পাহাড়ের বাস্তুহারা বাসিন্দাদের গণনা করা হয়নি। প্রতিবছর পাহাড়ে ভূমিহীন পরিবার বাড়ছে।
কুমিরার সুলতানা মন্দির এলাকার ত্রিপুরাপল্লির সরদার শঙ্কর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ১৯৭২ সালে তাঁরা ছোটকুমিরা এলাকা থেকে এসে সুলতানা মন্দির এলাকায় পাহাড়ে বসবাস করতে শুরু করেন। কয়েক বছর আগে জরিপ করার সময় তাঁদের জন্য ভূমির বন্দোবস্ত করার কথা বলা হয়। কিন্তু কিছুই হয়নি।
পাহাড়ের আরেক বাসিন্দা শান্ত ত্রিপুরা বলেন, ‘পাহাড় ধসে প্রাণ গেলেও কী করার আছে? সরকার যত দিন ভূমির ব্যবস্থা করবে না, তত দিন ঝুঁকি নিয়ে থাকতে হবে।’
জঙ্গল ছলিমপুর এলাকার বাসিন্দা রবিউল হোসেন বলেন, ‘বৃষ্টি শুরু হলে সরকারের লোকজন মাইকিং করে নিরাপদ আশ্রয়ে যেতে বলেন। ধসে পড়ার আশঙ্কায় আমাদের পাহাড় ছেড়ে দিতে বলে। কিন্তু কোথায় যাব? আমাদের কে জায়গা দেবে?’
২০১২ সালের ২৬ জুন জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড় ধসে দুজন মারা যায়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জঙ্গল ছলিমপুরে কয়েকবার মাইকিং করা হয়েছিল। তখন অতিঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। তবু রোয়ানুর আঘাত হানার আগের রাতে ভারী বর্ষণে মাটি সরে গিয়ে ঘর চাপা পড়ে শিশুসহ দুজন মারা যায়। তিনি আরও বলেন, পাহাড়ের বাসিন্দাদের সরিয়ে অন্য কোথাও পুনর্বাসনের পরিকল্পনা আপাতত নেই। তবে ভূমিহীনদের তালিকা করা হয়েছে।