পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বর্ষা এলেই তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বর্ষা এলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি নিয়ে তোড়জোড় শুরু হয়। বর্ষায় দু-একটি পাহাড়ধসের ঘটনা ঘটলে এই আলোচনা আরও গতি পায়। বৈঠকে বসে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। উঠে আসে নানা সিদ্ধান্ত ও সুপারিশ। কিন্তু বর্ষা বিদায় নিতেই সেসব ফাইলচাপা পড়ে। প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বশেষ গত বছরের ২৬ জুন চট্টগ্রামের আকবর শাহ মাজারসহ বেশ কয়েকটি স্থানে পাহাড়ধসে ২৮ জন নিহত হয়। এরপর ২ জুলাই পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় সাত দিনের মধ্যে পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের গ্যাস, বিদ্যুৎ ও পানি-সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ৪৫টি পরিবারের বিদ্যুৎ এবং ২০০টি পরিবারের পানি ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু ১৩টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী মোট পরিবার ৮০০। এরপর সবকিছু থেমে যায়। বিচ্ছিন্ন করার পর নিজ উদ্যোগে অবৈধভাবে কিছু পুনঃসংযোগ নেওয়ার অভিযোগও রয়েছে।জেলা প্রশাসক গতকাল রোববার পাহাড় পরিদর্শন করে ঝুঁকিতে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘যেভাবে ঝুঁকিতে পাহাড়ে বসবাস করছে, যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। এতে প্রাণহানি ঘটবে। সরানো এবং পুনর্বাসনের বিষয়ে আমি পুলিশ, সিডিএ এবং করপোরেশনের সঙ্গে বসব।’ জানা গেছে, ২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জন নিহত হওয়ার পর পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এরপর অনুষ্ঠিত ১০টি সভার প্রতিটিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের স্থায়ী ও অস্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত হয়। কিন্তু এসব সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি। গত বছরের ২৬ জুনের ধসের আগে বর্ষার শুরুতে ৯ মে অনুষ্ঠিত কমিটির নবম সভায়ও এসব সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এর আগে ২০১১ সালে ১ বাটালি পাহাড়ের দেয়াল ও পাহাড়ধসে ১৭ জন নিহত হওয়ার পর ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে পুনরায় স্থায়ী ও অস্থায়ী পুনর্বাসনের ফের সিদ্ধান্ত নেওয়া হয়। সরেজমিন দেখা গেছে, ঝুঁকিতে বসবাসকারী প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংযোগ রয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এসব সংযোগ বিচ্ছিন্ন করার কথা ছিল। কিছু কিছু সংযোগ, যেগুলো অবৈধ ছিল, তার কিছু কিছু বিচ্ছিন্ন করা হলেও বেশির ভাগই হয়নি। আবার বিচ্ছিন্ন করা সংযোগ অবৈধভাবে লাগানোর অভিযোগও পাওয়া গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম। প্রয়োজনে আবার সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হবে।’ জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘এখানে তো বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার কথা না। কারা এসব অনুমতি দিয়েছে, তা খুঁজে বের করা হবে।’