পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মতিঝরনা এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে গতকাল অবৈধ বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে মাইকে বসতি ছেড়ে যেতে বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের মতিঝরনা এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে গতকাল অবৈধ বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে মাইকে বসতি ছেড়ে যেতে বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিতে মিলছে বিদ্যুৎ, পানি ও গ্যাসের অবৈধ সংযোগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব সংযোগ দিচ্ছেন।
নগরের লালখান বাজারের মতিঝরনা, বাটালি পাহাড়, ওয়াসার টাংকির পাহাড়, পাহাড়তলী, বায়েজিদসহ বিভিন্ন স্থানে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলা হয়েছে। দিন দিন এসব বসতি বাড়ছে।
গতকাল সোমবার নগরের মতিঝরনা এলাকায় মতিঝরনা ও বাটালি পাহাড় এলাকার প্রায় ১৫০টি ঘরের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাড়ির মালিক ও ভাড়াটে বলেন, এসব অবৈধ সংযোগ সরকারি কিছু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার মো. নোমান হোসেন।
সহকারী কমিশনার আছিয়া খাতুন বলেন, ‘পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়েছে। আমরা প্রাথমিকভাবে অত্যধিক ঝুঁকিতে থাকা ঘরের সংযোগ বিচ্ছিন্ন করছি।’ তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের সংযোগগুলো সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা ছাড়া হওয়ার কথা নয়। কারণ, ওদের সহযোগিতা ছাড়া এসব সংযোগ দেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। দপ্তরগুলোর কিছু লোকের সহযোগিতা রয়েছে।’
অভিযান চলাকালে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে যাওয়ার জন্য বসবাসকারীদের হাতমাইকে আহ্বান জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, নগরের মতিঝরনা ও বাটালি পাহাড় এলাকার এক হাজারের বেশি ঘরে অবৈধ বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ রয়েছে। আবার বিদ্যুতের একটি মিটার নিয়ে তা থেকে ২০ থেকে ৩০টি ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়ার ঘটনাও আছে। একইভাবে গ্যাসের বৈধ একটি সংযোগের বিপরীতে নেওয়া হয়েছে একাধিক সংযোগ।
নগরের মতিঝরনায় শেখ দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির ১৭টি ঘর আছে। পাহাড় কেটে এসব ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ আছে। ঝুঁকিপূর্ণ এসব বসতির বিদ্যুৎ, পানি ও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করার পর গ্যাস বিলের একটি বই এনে দেখান দেলোয়ার হোসেন।

বিচ্ছিন্ন করা হচ্ছে অবৈধ গ্যাস–সংযোগ
বিচ্ছিন্ন করা হচ্ছে অবৈধ গ্যাস–সংযোগ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ফজলুল কাদের বলেন, শেখ দেলোয়ার বৈধ সংযোগের বিপরীতে কয়েকটি অবৈধ সংযোগ নিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, পাহাড়ের পাশে বৈধ জমিতে প্রথমে ঘর নির্মাণ করা হয়। পরে আস্তে আস্তে পেছনের পাহাড় কেটে ঘর তৈরি করা হয় এবং বৈধ ঘরের বিভিন্ন পরিষেবার সংযোগ অবৈধ ঘরগুলোতে ছড়িয়ে দেওয়া হয়। এ জন্য সরকারি দপ্তরগুলোর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে ঘুষ দিতে হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক বাড়ির মালিক।
বাটালি পাহাড় এলাকায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারী শ্রমিক মো. লোকমান বলেন, ‘আমি ১ হাজার ২০০ টাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকি। সেখানে বিদ্যুৎ-সংযোগ আছে। তবে তা বৈধ না অবৈধ, সেটি আমি জানি না।’
ওয়াসার উপসহকারী প্রকৌশলী মো. খালেকুজ্জামান বলেন, ‘মতিঝরনা এলাকায় আমাদের বৈধ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়েছেন, এ রকম বেশ কিছু গ্রাহক আছেন। আমরা তাঁদের সংযোগগুলো পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করব। অবৈধ সংযোগ দেওয়ার সঙ্গে আমাদের লোকজন জড়িত নন। কিছু মিস্ত্রির মাধ্যমে তাঁরা এসব অবৈধ সংযোগ নেন বলে আমাদের কাছে খবর আছে।’
বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আলী অবৈধ সংযোগ থাকার কথা স্বীকার করে বলেন, ‘একটি বৈধ মিটার থেকে পাহাড়ের ঝুঁকিতে গড়ে ওঠা বসতিতে বেশ কিছু সংযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ইলেকট্রিশিয়ান ছাড়াও আমাদের নিম্নস্তরের কেউ কেউ এই কাজে জড়িত থাকতে পারেন।’
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিতরণ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আজিজুল হক বলেন, ‘অনেকে ভুয়া কাগজপত্র দিয়ে হয়তো সংযোগ নিয়েছেন। সবকিছু তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয় না। পরে অভিযোগ পেলে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দিই। এ ছাড়া অনেকে অবৈধভাবে এক সংযোগ থেকে একাধিক সংযোগ নেন। এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই।’
শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারী ব্যক্তিদের বিভিন্ন পরিষেবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালেও এ ধরনের সিদ্ধান্তের পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু পরে আবার এসব সংযোগ নেওয়া হয়। জানতে চাইলে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন বলেন, সংযোগ বিচ্ছিন্ন করে ফলোআপ না করলে তারা আবার কীভাবে যেন সংযোগ নিয়ে ফেলে। এ জন্য সরকারি দপ্তরগুলোকে এগিয়ে আসতে হবে।