পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসকারীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
বর্ষার আগে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনের দাবিতে গতকাল সোমবার সকালে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। নগরের প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেছেন, পাহাড়ের পাদদেশে যারা অবৈধভাবে ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। পরিবেশবাদী সংগঠন জন উদ্যোগ, পরিবেশ ছাত্র ফোরাম, পিপলস ভয়েস ও বর্ণালী যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। জন উদ্যোগ সমন্বয়কারী শরীফ চৌহানের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য দেন জন উদ্যোগের সংগঠক শ্যামল চন্দ্র মজুমদার, পরিবেশ ছাত্র ফোরামের উপদেষ্টা নুরুল বাশার, অধ্যাপক ইউনুস হাসান, অধ্যাপক মো. ইদ্রিস আলী, আতিকুর রহমান, কামরুল ইসলাম, বর্ণালীর সরোজ কান্তি দাশ, দিদারুল আলম প্রমুখ। বক্তারা বলেন, প্রশাসনের হিসাবে চট্টগ্রামের ১৪টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে ৮০০ পরিবার বসবাস করছে। কিন্তু তাদের সরিয়ে নিতে কোনো উদ্যোগ নেই। প্রতিবছর বর্ষা মৌসুমে এই নিয়ে হাঁকডাক শোনা গেলেও দেখা যায় ভূমিধসে মানুষের মৃত্যু থেমে নেই। ২০০৭ সালের ভয়াবহ পাহাড়ধসের কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁরা বলেন, একশ্রেণীর ভূমিদস্যু সরকারি জায়গা দখল করে ছোট ছোট ঘর বানিয়ে নিম্ন আয়ের লোকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মানববন্ধনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিট, আসকারদিঘি ও কাজীর দেউড়ি নাগরিক ফোরাম, বাংলাদেশ নারী প্রগতি সংঘসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন সংহতি প্রকাশ করে।