পাহাড়ে দরকার পৃথক ইমারত বিধিমালা
পাহাড়ি ঢলে বিধ্বস্ত রাঙামাটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে গুরুত্ব পাবে ভূমির ব্যবহার। তাই এখন পাহাড়ে ঘরবাড়ি তৈরি করতে হলে বিশেষ ইমারত নীতিমালা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
১৯৭২ সালে গঠিত হয় রাঙামাটি পৌরসভা। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌর এলাকা।
রাঙামাটি পৌরসভার নগর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা প্রথম আলোকে বলেন, বর্তমানে রাঙামাটি পৌরসভা এলাকায় প্রায় ১৭ হাজার ৭০০ স্থাপনা রয়েছে। এর বেশির ভাগই অবৈধ। তাই রাঙামাটি শহর ও শহরতলিকে পরিকল্পনামাফিক গড়ে তুলতে ও পাহাড়ধসের সম্ভাব্য ঝুঁকি থেকে মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে এ কাজ শেষ হবে বলে তিনি আশা করছেন। আর পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন হলে একটা নতুন শহর উপহার দেওয়া সম্ভব হবে। এখনকার মতো যার যেখানে যেভাবে খুশি ঘরবাড়ি বানানোর সুযোগ তখন আর থাকবে না।
তরুণ এই নগর পরিকল্পনাবিদ জানান, বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহযোগিতায় রাঙামাটি শহরে এখন সার্বিক পরিকল্পনার কাজ শুরু হয়েছে। তৈরি হচ্ছে শহর এলাকার ভূমি ব্যবহার পরিকল্পনা (ল্যান্ড ইউজ প্ল্যান)।
গত জুনে রাঙামাটি শহরে পাহাড়ধসে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এর ৯৫ শতাংশই ছিল অবৈধ । ওই পাহাড়ধসে ৫৬ জন নিহত হয়।
‘ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬’ অনুসারে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় ইমারত নির্মাণের অনুমতি দিয়ে থাকেন পৌরনগর পরিকল্পনাবিদেরা।
সুবর্ণ চাকমা জানান, দেশে ১৯৯৬ সাল থেকে ইমারত নির্মাণ বিধিমালা চালু থাকলেও এতে কিছু সংযোজন আনা জরুরি হয়ে পড়েছে। বিধিমালায় পাহাড়ের ভূতাত্ত্বিক গঠন ও বৈশিষ্ট্যকে আমলে নিয়ে পাহাড়ে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার নির্মাণকৌশল ও মান সম্পর্কে আলাদা দিকনির্দেশনা থাকা প্রয়োজন। তা ছাড়া প্রয়োজন বিধিমালা বাস্তবায়নের জন্য একটা আইন। সমতলে ব্যবহৃত নির্মাণসামগ্রী পাহাড়ে ব্যবহার করতে হলে কিছু বাড়তি সতর্কতা ও পরিকল্পনার প্রয়োজন।
১৩ জুনের পাহাড়ধসের অন্যতম কারণ উল্লেখ করতে গিয়ে এই নগর পরিকল্পনাবিদ বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা। এতে যখন প্রবল বৃষ্টি হয়, তখন বাড়িঘরের টিনের চালা থেকে বৃষ্টির পানি অবিরাম একই জায়গায় পড়ে, এতে পাহাড়ের মাটি দুর্বল হয়ে ধসে পড়ে। তাই এখানে ঘরবাড়ি করতে হলে তা অবশ্যই পরিকল্পিত হতে হবে।