পাহাড়ে পাজনের সুবাস আজ ‘গজ্জ্যাপজ্জ্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুরু তুরু তুরু রু বাজি বাজেত্তে, পাড়ায় পাড়ায় বেরেবঙ বেক্কুন মিলিনে, এচ্চ্যা বিঝু, বিঝু, বিঝু’ (তুরু তুরু তুরু রু বাঁশি বাজছে/ পাড়ায় পাড়ায় বেড়াব সবাই মিলে/ আজ বিঝু বিঝু বিঝু)।বৈসাবি উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, ছেলে-বুড়ো সবাই উৎসবের আনন্দে ঘুরে বেড়িয়েছেন পাড়া থেকে পাড়া, গ্রাম থেকে গ্রামে, পাহাড় থেকে পাহাড়ে।এর আগে ভোর থেকেই পাজনের (কমপক্ষে পাঁচ ধরনের সবজির মিশ্রণে তৈরি খাদ্য) গন্ধ পাহাড়ে সুবাস ছড়িয়ে দেয়। ধনী-গরিব সবার বাড়িতে রান্না হয় পাজন। সবার বাড়ির দ্বার ছিল উন্মুক্ত। সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করা হয় অতিথিদের।বিঝুর দিনে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাওয়ার মাহাত্ম্য বোঝাতে চাকমা সমপ্রদায়ের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে, যে ব্যক্তি কমপক্ষে পাঁচটি বাড়িতে গিয়ে খাবে না, সে পরজন্মে পশু হয়ে জন্মাবে।রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পকনগরের বাসিন্দা শিউলি চাঁপা চাকমা জানান, তিনি প্রায় ৩০ প্রকারের আনাজপাতি দিয়ে পাজন রান্না করেছেন।বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি উথান মারমা জানান, সাংগ্রাই উপলক্ষে অনেক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পাশাপাশি অসংখ্য নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হয়। এভাবে নতুন-পুরোনো বন্ধুদের সঙ্গে মিলেমিশে ঘুরে ঘুরে আনন্দ করার অনুভূতি তুলনাহীন। একমাত্র ‘আক্যে’র দিনে এটা সম্ভব।আজ শনিবার চাকমাদের ‘গজ্জ্যাপজ্জ্যা’ দিন। বিশ্বাস করা হয়, বছরের প্রথম দিনে ভালো খাবার খেলে ও স্বাচ্ছন্দ্যময় দিন কাটালে সারা বছর সেভাবেই কাটবে। এদিকে বান্দরবানেও গতকাল আনন্দমুখর পরিবেশে পবিত্র বুদ্ধমূর্তি স্নান হয়েছে। শঙ্খ নদের উজানীপাড়া ঘাটে বুদ্ধমূর্তি স্নানের সময় ধর্মপ্রাণ ও উৎসবপ্রিয় নারী-পুরুষের সমাগম ঘটে।মারমা সাক্রয় (বর্ষপঞ্জি) অনুযায়ী সাংগ্রাইং বা বৈসাবি শুরুর দিন বুদ্ধমূর্তি, বৌদ্ধবিহার ও ঘরবাড়ি সবকিছু ধোয়ামোছা করা হয়। বৈসাবির তৃতীয় দিনে আজ শনিবার বান্দরবানে মারমাদের ঐতিহ্যবাহী মৈত্রী পানিবর্ষণ উৎসব হবে। রাজবাড়ি মাঠে শত শত তরুণ-তরুণী পানিবর্ষণ উৎসবে অংশ নেবে। সন্ধ্যায় নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এতে অন্যদের পাশাপাশি প্রথম আলো বন্ধুসভার সদস্যরাও গান পরিবেশন করবেন। এ ছাড়া বৈসাবি উপলক্ষে সাংগ্রাইং-বৈশাখের চিঠি নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে বলে প্রথম আলো বন্ধুসভা বান্দরবান শাখার সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ জানিয়েছেন।