পাহাড়ে পাথর লুটের অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার প্রথম আলোয় খবর প্রকাশের পর রাত আটটার দিকে নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দাওধারা গ্রামের নুর ইসলাম, আক্তার হোসেন, আবুল হোসেন ও আন্দারুপাড়া গ্রামের দেলুয়ার হোসেনকে দাওধারার বটতলা এলাকা থেকে আটক করা হয়। ওসি গোলাম হায়দার জানান, পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকার পরও কিছু অসাধু ব্যক্তি পাহাড় কেটে পাথর উত্তোলন করছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত বুধবার প্রথম আলোয় ‘গারো পাহাড় খুঁড়ে পাথর লুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।