পাহাড়ে বর্ষবিদায় ও বরণের উৎসব শুরু
নদী বা ছড়ায় ফুল ভাসানোর উৎসবের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের তিন দিনের বর্ষবরণ ও বিদায়ের মূল উৎসব শুরু হয়েছে।
রাঙামাটি: বিঝু সাংগ্রাই বৈসুক বিষু বিহু উদ্যাপন কমিটির উদ্যোগে গতকাল রাঙামাটি শহরের রাজবন বিহার ঘাটে আয়োজন করা হয় ফুল ভাসানোর উৎসব। সেখানে ফুল ভাসিয়ে উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার।
রাঙামাটি শহরের ত্রিপুরা সম্প্রদায় অধ্যুষিত গর্জনতলীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে ‘বৈসুক’ উৎসবের উদ্বোধন করা হয়।
সকাল নয়টায় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অমিত চাকমা ও স্থানীয় দৈনিক গিরিদর্পণ-এর সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ।
পরে ঐতিহ্যবাহী ‘গড়াইয়া নৃত্য’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া কাপ্তাই হ্রদে আয়োজন করা হয় নৌকাবাইচের।
বান্দরবান: সকালে রাজার মাঠ থেকে বান্দরবান জেলা শহরে বর্ণাঢ্য সাংগ্রাইং মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর হাজারো নারী-পুরুষ ঐতিহ্যবাহী বর্ণাঢ্য পোশাক পরে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম।
সাংগ্রাইং উদ্যাপন পরিষদের সভাপতি মংসিংনু মারমা বলেন, এবার মারমাদের সাংগ্রাইং উৎসবে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বুদ্ধমূর্তি স্নান, পিঠা উৎসব, মৈত্রী পানিবর্ষণ উৎসব।
চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরাদের গতকাল ছিল ফুলবিঝু। চাকমা-তঞ্চঙ্গ্যা বিঝু বা বিষু উদ্যাপন কমিটির আহ্বায়ক কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, গতকাল রেইছায় তঞ্চঙ্গ্যারা ঘিলাখেলার আয়োজন করে। আজ বুধবার মূল বিঝুর দিনে চাকমা ও তঞ্চঙ্গ্যারা সম্মিলিতভাবে জেলা শহরের চিত্রসেন বৈদ্যপাড়ায় বিষু বা বিঝু উৎসবে ফুল ভাসানো, পাঁচন বিতরণ, আলোচনা সভা, প্রীতিভোজের আয়োজন করেছে। রাতে গেংখুলী (একধরনের পালাগান) গানের আসর বসানো হবে।
খাগড়াছড়ি: ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী পাহাড়িরা চেঙ্গী নদী ও খাগড়াছড়ির বিভিন্ন খালে ফুল ভাসায়।
উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা ফুল দিয়ে ঘর সাজিয়েছে। বৈসাবিকে ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
বৈসাবি উপলক্ষে সকালে পানখাইয়াপাড়ায় শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এর উদ্বোধন করেন।
দুপুরে খাগড়াপুরে শুরু হয় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য উৎসব। এ ছাড়া সকালে সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।