পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈসাবি উৎসব ঘিরে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ব্যবসা-বাণিজ্য, চাকরি আর শিক্ষাসহ নানা পেশার কারণে বিভিন্ন স্থানে বসবাসকারী ব্যক্তিরা উৎসব উপলক্ষে বাড়িতে আসায় আদিবাসী বাড়ি ও গ্রামগুলো হয়ে উঠেছে মিলনমেলা।উৎসবের মূল দিনে সবার জন্য সবার বাড়ির দ্বার উন্মুক্ত থাকলেও চলছে নিমন্ত্রণ দেওয়া-নেওয়া ও কুশলবিনিময়। গতকাল মঙ্গলবার থেকে উৎসব চলবে তিন দিন।পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসাবি। তবে উৎসবটির নাম সম্প্রদায়ভেদে ভিন্ন, যদিও সবার উদ্যাপনের রীতি ও সময় এক। ত্রিপুরা সম্প্রদায় বৈসুক, মারমারা সাংগ্রাই, চাকমারা বিঝু ও তঞ্চঙ্গ্যারা বিষু নামে উৎসব উদ্যাপন করে। এ উৎসবটি সমতলের লোকজনের কাছে বৈসাবি নামে বেশি পরিচিতি লাভ করেছে। মূলত বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের নামের আদ্যক্ষর নিয়ে ‘বৈসাবি’ নামটি হয়েছে বলে জানা গেছে।রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার মারমা সম্প্রদায় চাকমা, ত্রিপুরাসহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একই সময়ে উৎসব উদ্যাপন করে। তবে বান্দরবানের মারমা জনগোষ্ঠীর লোকজন বর্মী পঞ্জিকা অনুসরণে উৎসব উদ্যাপন করে দুদিন পরে।উৎসবের প্রথম দিনে আজ মঙ্গলবার সকালে বিঝু-সাংগ্রাই-বৈসুক-বিষু উৎসব উদ্যাপন কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ‘মা গঙ্গার’ উদ্দেশে রাঙামাটি শহরের ফিশারিঘাটে সম্মিলিতভাবে ভাসানো হয়েছে ফুল। ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনতলিতে আয়োজন করা হয়েছে গড়াইয়া নৃত্য, ফুল ভাসানো এবং বুড়োবুড়িদের গোসল করানো ও নতুন কাপড় পরানোর অনুষ্ঠান। বৌদ্ধ মন্দিরগুলোতে আয়োজন করা হয়েছে বুদ্ধমূর্তিগুলোকে গোসল করানোসহ ধর্মীয় প্রার্থনা। অবশ্য উৎসব উপলক্ষে বান্দরবান ও খাগড়াছড়িতে সম্মিলিত কোনো কর্মসূচি পালিত হয়নি বলে জানা গেছে। তবে তিন পার্বত্য জেলার শহর, গ্রাম ও প্রত্যন্ত এলাকায়ও সাধারণ লোকজন পরিবারের সুখ-শান্তি ও মঙ্গল কামনায় যুগ যুগ ধরে চলে আসা নিয়মে পাহাড়ি ছড়া, নদী ও ঝরনায় ফুল ভাসানো, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের মধ্য দিয়ে বৈসাবি উৎসব উদ্যাপন শুরু করেছে। এ ছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লায় আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।আজ বুধবার উৎসবের মূল অনুষ্ঠান। এদিন সবার বাড়িতে কমবেশি খাবারের আয়োজন করা হয়। খেতে পাওয়া যাবে ২০-২৫ প্রকারের আনাজপাতি দিয়ে তৈরি ‘পাজন’ এবং অন্যান্য খাবার। গতকাল দুপুর থেকে প্রত্যেক বাড়িতে শুরু হয়েছে খাবার আয়োজনের প্রস্তুতি।